ওয়েম্বলিতে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে বড় ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে প্রথম হারটিতে ৪ গোল হজম করতে হয়েছে লুইস এনরিকের শিষ্যদের।

শনিবারের ম্যাচটিতে নিজেদের মেলে ধরতে পারেনি লিওনেল মেসি, লুইস সুয়ারেজরা। সেই সঙ্গে ছিল আক্রমণভাগ ও রক্ষণভাগে ভুলের মহড়া। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা লিভারপুলকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এই গ্রীষ্মেই দলে আসা সাইদু মানে পঞ্চদশ মিনিটে দলকে এগিয়ে নেন।

৪১তম মিনিটে গোল শোধের দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন মুনির এল হাদ্দাদি। দ্বিতীয়ার্ধে শুরুর দিকে আরো দুই গোল খেয়ে বার্সেলোনার ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়।

৪৭তম মিনিটে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দেন আর্জেন্টিনার হাভিয়ের মাসচেরানো। পরের মিনিটে দিভোক ওরিগির গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।

রক্ষণে ব্যর্থতার দিনে আক্রমণেও হতাশ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিটিচদের নামিয়েও কোনো কাজ হয়নি। উল্টো ৯০তম মিনিটে প্রতি আক্রমণে মার্কো গ্রুইচের গোলে ব্যবধান আরো বাড়ায় লিভারপুল।

টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিককে ৩-১ আর ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ৪-২ গোলে হারায় বার্সেলোনা। অন্য দিকে চেলসির কাছে ১-০ ব্যবধানে হারা লিভারপুল ২-০ গোলে জেতে এসি মিলানের বিপক্ষে।

এমএনজে