আইপিএল-এ কলকাতার বিরুদ্ধে হায়দরাবাদের অবস্থা নাজুক। চলতি আইপিএলে লিগ পর্বে দুইবার মুখোমুখি হয়েছে দল দুটি। দুইবার জিতেছে কলকাতা, হেরেছে মুস্তাফিজরা।
তাতে তেমন কোনো সমস্যা হয়নি। সবার আগেই প্লে অফ নিশ্চিত করেছিল হায়দরাবাদ। এবার প্লে-অফে আবার দল দুটি মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে হারলেই বিদায়।
আর জিতলে ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকবে। এমন সমীকরণে আজ (বুধবার) মাঠে নামছেন সাকিব-মুস্তাফিজ। দিল্লির ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছিল কলকাতা। দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যবধান ২২ রানের। বোলিংয়ে সুনীল-সাকিবের মতো যেমন স্পিনাররা তাদের মূল চালিকা শক্তি।
ব্যাটিংয়ে আছে গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান ও রবিন উথাপ্পাও খেলেছেন সমান তালে । তাদের সঙ্গে আজ চোটাক্রান্ত অল রাউন্ডার আন্দ্রে রাসেলকে ফিরে পেতে চাইবে কেকেআর।
সানরাইজার্সের শক্তি বোলিংয়ে। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ তাদের প্রধান ভরসা। ভুবনেশ্বর কুমারও আছেন দুর্দান্ত ফর্মে।
তরুণ বারিন্দার স্রান ও হেনরিকসকে নিয়ে এক শক্তিশালী পেস আক্রমণ দলটির। মুস্তাফিজ ইতোমধ্যে ১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন।
তার অবিশ্বাস্য ইকোনোমি রেট ৬.৭১। ভুবনেশ্বর ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী।
হায়দরাবাদ ব্যাটিং দুর্বলতায় ভুগছে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ছাড়া কেউই ভালো স্কোর করতে পারছেন না।
শিখর ধাওয়ান ফর্মে নেই। যুবরাজের অবস্থাও বেশি ভালো না। তবুও তাদের সঙ্গে কেন উইলিয়ামসন ও নামান ওঝার উপর আস্থা হায়দরাবাদের।
এসএম





