প্যারিস সেইন্ট জার্মেইনের তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ জানিয়েছেন, অবসর নেওয়ার আগে পর্যন্ত ইংলিশ প্রিমিয়ারের কোনো ক্লাবে খেলবেন না তিনি। আর পিএসজিতেই তিনি ভাল আছেন বলেও মনে করেন ইব্রা।
৩৩ বছর বয়সী পিএসজির এ গোল মেশিন খেলেছেন সুইডিশ, হল্যান্ড, ইতালি, ফ্রান্স আর স্প্যানিস ক্লাবে। নতুন মৌসুমে ইংল্যান্ডের ক্লাবগুলো তাকে দলে ভেড়াতে চেয়েছিল। কিন্তু লরেন্ট ব্লাঙ্কের পিএসজিতেই তিনি থেকে গেছেন।
লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের হয়েই ফুটবলের বাকি জীবনটা কাটিয়ে দিতে চাওয়া ইব্রা বলেন, ‘আমি পিএসজিতেই খুশি আছি। তবে, আমি প্রিমিয়ার লিগের ক্লাব গুলোকেও পছন্দ করি। ফুটবল বিশ্বের সকলের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে থাকে তাদের দল গুলো।’
ইব্রা আরো জানান, ‘আমি এখানেই আমার ফুটবলের ক্যারিয়ারের ইতি টানতে চাই। ভবিষ্যতে ইংলিশ দলগুলোতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই আমার।’
পিএসজির হয়ে ৭০ ম্যাচে ৬১ গোল করা ইব্রাহিমোভিচ এর আগে খেলেছেন মালমো এফসিতে (৪০ ম্যাচ), অ্যাজাক্সে (৭৪ ম্যাচ), জুভেন্টাসে (৭০ ম্যাচ), ইন্টার মিলানে (৮৮ ম্যাচ), বার্সেলোনায় (২৯ ম্যাচ) এবং এসি মিলানে (৬১ ম্যাচ)।
জেইউ





