পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসকে বলা হতো ‘টো ক্রাশার’। ভয়ঙ্কর সব ইয়র্কার দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের পায়ের আঙুলে চিড় ধরানোর নজির ছিল তার। বর্তমানে এই উপাধীতে ডাকা হয় শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে। গত এক দশকে তার মতো ভয়ঙ্কর ইয়ার্কার আর কোনো পেসারের হাত থেকে আসেনি বলে বলেই মনে করেন ক্রিকেট বোদ্ধারা।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে মঙ্গলবার। এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট দল। সেখানে রাখা হয়েছে লাসিথ মালিঙ্গাকে। এছাড়া ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলেও আছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। দলে রাখা হয়েছে বোলিং অলরাউন্ডার শেহান জয়সুরিয়াকেও। ইনজুরি আক্রান্ত কুশল পেরেরাকে দলে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ থাকলে তাকে একাদশে দেখা যেতে পারে। তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় কুশল মেন্ডিসকে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি।

এছাড়া ইনজুরির কারণে খেলবেন না নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার বদলে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন উপুল থারাঙ্গা। কুশল মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডেতে করেন, ১০২, ৫৪ ও ৩৪ রান। ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলার পর ২২ বছর বয়সী এ ব্যাটসম্যানকে টি-টোয়েন্টিতে না রাখা নিয়ে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সানাৎ জয়সুরিয়া বলেন, ‘তার সামনে বড় ক্যারিয়ারের সম্ভাবনা।

তার বয়স অল্প। এতে তার ওপর এখন কোনো বাড়তি দায়িত্ব দিতে চাই না। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্টে সে দারুণ খেলেছে। কিন্তু এই মুহূর্তে আমরা তার খেলায় পরিবর্তন আনতে চাচ্ছি না।’

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল
উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, ভিকুম সঞ্জায়া, মিলিন্দা সিরিবর্ধনে, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, লাকশান সান্দাকান ও শেহান জয়সুরিয়া।

টাইমনিউজ.নেট/ মাহমুদ