নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরেছে প্রথম ম্যাচে হেরে যাওয়া শ্রীলঙ্কা। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে তারা।

হ্যামিল্টনের সিডন পার্কে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। অধিনায়ক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ১১৭ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

ম্যাককালাম বাদে অন্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। রস টেইলরের ৩৪ ও ম্যাট হেনরির অপরাজিত ২০ রানই শেষ দিকে উল্লেখযোগ্য স্কোর।

শ্রীলঙ্কার বোলার সচিত্র সেনানায়েকে ও রঙ্গনা হেরাথ ২টি করে উইকেট পেয়েছেন।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছেছে শ্রীলঙ্কা। সেঞ্চুরি করেছেন তিলকারত্নে দিলশান। ১২৭ বল খেলে ১১৬ রান করেছেন দিলশান। কোনো ছয় না থাকলেও ১৭টি চার ছিল তার ইনিংসে। এটি তার ১৮তম ওয়ানডে সেঞ্চুরি। এ ছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত ৩৯ ও কুমার সাঙ্গাকারা ৩৮ রান করেছেন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ২৪৮/১০ (ম্যাককালাম ১১৭, টেইলর ৩৪; হেরাথ ২/৩৬)

শ্রীলঙ্কা : ২৫২/৪ (দিলশান ১১৬, ম্যাথুস ৩৯*, সাঙ্গাকারা ৩৮; হেনরি ২/৩৪)

ফল : ৬ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

ম্যাচসেরা : তিলকারত্নে দিলশান

সিরিজ: ১-১ সমতায় সাত ম্যাচ ওয়ানডে সিরিজ

জেডআই