আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু আগে সাংবাদিকদের সঙ্গে গল্প করছেন মেহেদী হাসান মিরাজ।
খুব কষ্ট করে বলছেন, ‘ওই একটি দিন, ওই মুহুর্তটুকু আমি ভুলে যেতে চাই। গত দেড় বছর একটি দিনই আমাদের খারাপ গেছে। আর এমন একটা দিনে খারাপ সময়টা গেল যে আমরা ফাইনালেও উঠতে পারলাম না!’
সংবাদ সম্মেলনেও মিরাজের কন্ঠে ছিল একই সুর। ফাইনালে না উঠার কষ্ট এখনো বয়ে বেড়াচ্ছেন যুব অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শনিবার শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় স্থান পেয়ে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে জুনিয়র টাইগার শিবির। তৃতীয় স্থান হওয়াকেও বড় অর্জন বলছেন মিরাজ।
‘তৃতীয় স্থান রানারআপের থেকে একটি পজিশন পরে। আমি মনে একটি এটাও অনেক বড় অর্জন। আমরা টেস্ট খেলুড়ে দশটি দেশ এখানে খেলছি। এখানে কিন্তু পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা নেই। আমরা কিন্তু তিন নম্বরে আছি। এটা আমাদের কাছে বড় অর্জন। আমরা ওই দিনটি ভুলে যাই। আমাদেরকে এগিয়ে যেতে হবে অনেক দূর।’
গত দেড় বছর বিশ্বকাপকে টার্গেট করে এগিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুবার সিরিজ জয়, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়, জিম্বাবুয়েকে নাকানি-চুবানি খাওয়ানো দল বাংলাদেশ। দাপটের সঙ্গে একসঙ্গে বিশ্ব শাসন করা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয়। সঙ্গে শিরোপার স্বপ্নও ভেঙ্গে যায়।
শিরোপা জয়ের দায়িত্বটা পরবর্তী প্রজন্মের কাঁধে দিয়েছেন মিরাজ। এক প্রশ্নের জবাবে মিরাজ বলেন,‘আমরা বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে এসেছি। সামনের প্রজন্ম আমাদেরকে ফাইনাল খেলাবে, চ্যাম্পিয়ন করাবে। এটা খুব ভালো লাগছে। আমাদের হারার পর ও মানুষের থেকে যে উৎসাহ পেয়েছি তাতে মন ভরে গেছে। মনও ভালো হয়ে গেছে। আমাদের দল তাদের প্রতি কৃতজ্ঞ।’
এসএইচ





