শনিবার বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এশিয়ান গেমস ২০১৪-এর আসর। এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া আসরটির এবারের সংস্করণের সমপানী অনুষ্ঠান শুরু হয়েছিল বাংলাদেশ সময় শনিবার বিকাল ৪টায়। বাহারি আলোকসজ্জা, আতাশবাঁজির কারিশমা, স্বাগতিক কোরিয়ানদের নিজস্ব সংস্কৃতির নাচ-গান, অংশ গ্রহণকারী দেশগুলোর প্যারেড, আগত অতিথিদের বক্তব্য-সব মিলিয়ে সমাপনী অনুষ্ঠানটির ব্যাপ্তি ছিল ২ ঘন্টা। সমাপনী অনুষ্ঠানের শেষ দিকে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) সভাপতি শেখ আহমেদ আল-ফাহাদ আল-সাবাহ আনুষ্ঠানিকভাবে ইনচন এ্রশিয়ান গেমসের পরিসমাপ্তি ঘোষণা করেন। এরআগে স্ট্যান্ডে ওড়ানো হয়েছে আগামী আসরের আয়োজক ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে এশিয়ান গেমসের ১৮তম আসরটি। দক্ষিণ কোরিয়ার ইনচেনে অনুষ্ঠিত আসরটি ছিল ১৭তম এশিয়াড।
মোট ১৬ দিনব্যাপী অনুষ্ঠিত ইনচন এশিয়ান গেমসে অংশ নিয়েছিল এশিয়ার ৪৫টি দেশের সাড়ে ৯ হাজার ক্রীড়াবিদ। মোট ৩৬টি ডিসিপ্লিনে প্রতিযোগিতা করেছেন তারা। লড়াই শেষে ১৫১টি স্বর্ণ পদকসহ মোট ২৪৩ পদক জয় করে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়েছে চীন। দ্বিতীয়স্থানটি দখল করেছে স্বাগতিক দক্ষিণ কোরিয়াই। একটি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জিতে বাংলাদেশ স্থান পেয়েছে তালিকার ৩৩তম স্থানে।
আসরের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জাপানের পুরুষ সাঁতারু কোসুকি হাগিনো। মোট ৪টি স্বর্ণ পদক জিতেছেন ২০ বছর বয়সী এই জাপানি সাঁতারু।
এবারের এশিয়ান গেমসে সবগুলো ডিসিপ্লিন মিলিয়ে মোট ১৪টি বিশ্বরেকর্ড এবং ৮০টি গেমস রেকর্ড সৃষ্টি হয়েছে।
শনিবারের সমপানী অনুষ্ঠানটি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছিল। প্রথম অংশটি ছিল কাউন্ট ডাউন পর্ব। দ্বিতীয় অংশে ছিল ইনচন এশিয়ান গেমসের বিভিন্ন হাইলাইটস নিয়ে বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন এবং তৃতীয় অংশটি ছিল ধন্যবাদ জ্ঞাপন পর্ব। উদ্বোধনীর মতো সমাপনী অনুষ্ঠানটিও পরিচালনা করেছেন দক্ষিণ কোরিয়ান ২ পরিচালক ইম ওন তায়েক এবং জ্যাঙ্গ জিন।
সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল বৈরী ভাবাপন্ন দুই প্রতিবেশী উত্তর কোরিয়া ও
দক্ষিণ কোরিয়ার শীর্ষ সরকার প্রধানদের সৌহার্দ্য ও সম্প্রীতির বিনিময়।
এএইচ





