চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচে শুরুর জয়টা পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফির ওপেনিং ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন উদ্বোধনী জুটির তিলকারত্নে দিলশান (০)। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১ ওভারে এক উইকেটের বিনিময় ৭ রান সংগ্রহ করেছে শ্রীলংকা।
টেস্টে হাতে চোট পাওয়ায় টি-টোয়েন্টি দলে নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক হতে যাচ্ছে স্বাগতিকদের বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিথুন আলীর।
অন্যদিকে মাহেলা জয়াবর্ধনে ছাড়াই মাঠে নামতে হচ্ছে শ্রীলঙ্কাকে। দলকে নেতৃত্ব দিচ্ছেন টি-টোয়েন্টি অধিনায়ক দিনেশ চান্দিমল।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, নাসির হোসাইন, মিথুন আলী, ফরহাদ রেজা, সোহাগ গাজী,  আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও রুবেল হোসাইন।
শ্রীলংকা টি-টোয়েন্টি দল: তিলকারত্নে দিলশান, কুসল পেরেরা, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, নুয়ান কুলসেকারা, সচিত্রা সেনানায়েকে, অজান্তা মেন্ডিস, সীক্কুগে প্রসন্ন ও লাসিথ মালিঙ্গা (সহ-অধিনায়ক)।