ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির সঙ্গে আরো দুই বছরের জন্য চুক্তি নবায়ন করল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী ২০১৭ সাল পর্যন্ত ক্লাবটিতে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।

ম্যানচেস্টার সিটির প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো বলেছেন, ম্যানুয়েল পেলেগ্রিনের সাথে নতুন সমঝোতায় আসতে পেরে আমরা দারুণ উচ্ছসিত। প্রথম দুই বছরের মেয়াদে সে ক্লাবের জন্য যে অবদান রেখেছে তা সত্যিই প্রংশসনীয়। আসন্ন মৌসুমে আমরা আরো সাফল্যের দিকে তাকিয়ে আছি।

২০১৩ সালে সিটিতে যোগ দেয়া পেলেগ্রিনি বিশ্বাস করেন নতুন মৌসুমে দারুণ দল নিয়ে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। তিনি বলেছেন, ম্যানচেস্টার সিটির মত দলকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি দারুণ গর্বিত। নতুনভাবে দলের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমি আনন্দিত। আমার হাতে একঝাঁক অসাধারণ খেলোয়াড় রয়েছে যাদের সাথে কাজ করতে পারাটা সত্যিই গর্বের।

তিনি আরো বলেন, মাঠ এবং মাঠের বাইরেও আমি সকলের কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছি। আসন্ন মৌসুমের দিকে এখন আমার সব গুরুত্ব। সমর্থকসহ অন্যরা আমাদের যেভাবে সমর্থন দিয়ে আসছে তাতে সাফল্যের ব্যপারে আমি এবং আমার খেলোয়াড়রা আশাবাদী।

আগামী সোমবার ওয়েস্ট ব্রুমউইচ এলবিয়নের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচ দিয়ে ম্যানচেস্টার সিটি তাদের এবারের প্রিমিয়ার লীগ মিশন শুরু করবে।

জেডআই