ডেনমার্কের স্পোর্টস ব্রান্ড হামেল আফগান জাতীয় নারী ফুটবল দলের জন্য নতুন জার্সি তৈরি করেছে। কব্জি পর্যন্ত ঢাকা জার্সির সঙ্গে জুড়ে দেয়া হয়েছে হিজাব। আর এই প্রথম কোন আর্ন্তজাতিক ব্রান্ড হিজাবসহ ফুটবল জার্সি তৈরি করলো।
শুধু তাই নয় শর্টসের বদলে জার্সির সঙ্গে থাকছে পায়ের আঙ্গুল পর্যন্ত ঢাকা পাজামা।
আফগান নারীরা যাতে তাদের রক্ষণশীল সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়ে ফুটবল খেলতে পারে তাই এমনটি করা হয়েছে বলে জানিয়েছেন হামেলের একজন কর্মকর্তা।
হামেল আফগানিস্তান জাতীয় ফুটবল দলের স্পন্সর। আন্তর্জাতিক নারী দিবসের ডেনিশ এই স্পোর্টস ব্র্যান্ড ব্যতিক্রমী এই জার্সি জনসমক্ষে প্রকাশ করে।
হামেলের প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান স্টাডিল বলেন, ‘কোন ইতিবাচক পরিবর্তন আনতে চাইলে কোন জাতির সংস্কৃতিকে বিবেচনায় নিতে হবে’। তিনি আরো বলেন, ‘আফগান সমাজের বাস্তবতা হচ্ছে সেখানে বহু মেয়েকে বাধ্য হয়ে হিজাব পরতে হয় অথবা তারা নিজ ইচ্ছায় পরতে চায়’।
হামেলের হয়ে কাজ করছেন আফগান মহিলা ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল। তিনি বলেন, ‘আফগান নারী ফুটবল দলের দারুণ সম্ভাবনা রয়েছে। জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রেও তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
উল্লেখ্য যে, প্রতি পিস হিজাবওয়ালা জার্সির বিক্রি থেকে ১৫ ইউরো করে পাবে আফগান নারী দল।
এমই





