ওয়ার্ল্ড হকি র্যাংঙ্কিংয়ে কোরিয়া ৮, বাংলাদেশ ৩০। শক্তিশালী সেই কোরিয়ানদের বিপক্ষে সিওনহাক স্টেডিয়ামে কাল স্থানীল সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে নাভিদ আলমের শিষ্যরা। চয়নদের লক্ষ্য স্বাগতিক কোরিয়াকে যতটুকু সম্ভব আটকে রাখা।
শুধু নিজেদের মাঠ বলেই নয়। কোরিয়া দেশের বাইরেও বাংলাদেশের জন্য ভয়ঙ্কর। ২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে ৯-১ গোলে কোরিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। তখন থেকেই ভয় শুরু। তবে ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে মোকাবেলা করতে হয়নি কোরিয়ানদের। কিন্তু গতবছর সেপ্টেম্বরে মালয়েশিয়ার ইপোতে এশিয়া কাপে আবারো ৯ গোল হজম করতে হয়েছিল জিমি, মিমো, চয়নদের।
তবে এসমস্ত বিষয় উড়িয়ে দিয়ে অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘কোরিয়া নি:সন্দেহে আমাদের চেয়ে অনেক শক্তিশালি। তাই বলে ম্যাচের আগেই আমরা হেরে বসতে চাই না। আমরা আমাদের সেরাটা দিয়েই তাদের মোকাবেলা করবো। জয় কিংবা ড্র র চিন্তা মাথায় নেই। তাদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে হবে এটাই বড় কথা।’ ইনচন এশিয়ান গেমসে বাংলাদেশ নিজেদের প্রথম খেলায় জাপানের বিপক্ষে ৮-০ গোলে, দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছে। তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে পরাজিত করে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এখন অপেক্ষা শেষ ম্যাচের যার থেকে কিছু স্মৃতি সঙ্গী করে দল দেশে ফিরতে চায়।সূত্র:ওয়েবসাইট
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





