নতুন মৌসুমের শুরুতেই কিছুটা ব্যাকফুটে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যেখানে ছয় ম্যাচের একটিতেও হারের মুখ দেখেনি, রিয়াল সেখানে জিতেছে মাত্র তিনটি ম্যাচে।
একটি ম্যাচে হারের মুখ দেখেছে জিদান-বাহিনী। না বললেও চলে, বার্সেলোনা পা না হড়কালে এ মৌসুমে শিরোপা ধরে রাখা মুশকিল হবে রিয়ালের জন্য।
লা লিগায় না পারলেও চ্যাম্পিয়নস লিগে ভালো শুরু করেছে স্পেনের দলটি। প্রথম ম্যাচে সাইপ্রাসের দল অ্যাপোয়েলকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে আজ রোনালদোদের জন্য অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে।
ঘরের মাঠ সিদুনা পার্কে রিয়ালকে আজ রাতে আতিথেয়তা দেবে বরুশিয়া ডর্টমুন্ড। এই ম্যাচ দিয়ে ইউরোপীয় লিগে ১৫০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এই ম্যাচ রিয়াল ও রোনালদো দুই পক্ষের জন্যই দারুণ গুরুত্বপূর্ণ। গত মৌসুমে ব্যালন ডি’অরজয়ী রোনালদো এ মৌসুমে লিওনেল মেসির চেয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন। মেসির গোল যেখানে ১২টি, রোনালদো সেখানে গোল পেয়েছেন মাত্র তিনটি।
তাই এ ম্যাচে গোল করার জন্য মুখিয়ে থাকবেন রোনালদো। অন্যদিকে ম্যাচটা রিয়ালের জন্যও পরীক্ষার। ডর্টমুন্ডের মাঠে এর আগে ছয়বার খেলে একটিতেও জয় পায়নি রিয়াল মাদ্রিদ। তিনটি ম্যাচে হার বরণ করতে হয়েছে রোনালদোদের। আজ তাই সিদুনা পার্ক ফাড়া পার করতে চাইবেন জিনেদিন জিদান।
সাম্প্রতিক পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও পরিসংখ্যান কিন্তু রিয়ালের পক্ষেই কথা বলছে। সর্বশেষ ১২ ম্যাচে রিয়াল জয় পেয়েছে চার ম্যাচে, যেখানে ডর্টমুন্ডের জয় তিনটিতে। জার্মান জায়ান্টদের জালে ১৮ বার বল জড়িয়েছে রিয়াল।
চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে টটেনহামের বিপক্ষে হারলেও এই মৌসুমে দারুণ ছন্দে রয়েছে বরুশিয়া। বুন্দেসলিগায় ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি।
যেকোনো মূল্যে এই ম্যাচ জিততে চাইবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে বরুশিয়া। দেখা যাক, সিদুনা পার্কে শেষ হাসি হাসে কে?
এমএ





