ব্রাজিলের কিংবদন্তী সাবেক ফুটবলার রবার্তো কার্লোস মনে করেন তার স্বদেশী তারকা নেইমার এখন বিশ্বসেরা ফুটবলার। তার মতে, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন নেইমার।

মেসি ও রোনালদোকে বর্তমানে ফুটবল বিশ্বে সবচেয়ে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। গত সাতটি ফিফা ব্যালন ডি'অর পুরস্কার তারা দু'জনে ভাগ করে নিয়েছেন।

২৩ বছর বয়সী নেইমার এখন পর্যন্ত এই পুরস্কারের জন্য বিবেচিত না হলেও তাকে বিশ্বসেরা হিসেবে মেনে নিচ্ছেন কার্লোস।

'এস'কে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ডিফেন্ডার বলেছেন, "লোকজন সব সময় বলেন, মেসি অথবা রোনালদো সবচেয়ে সেরা। কিন্তু আমার কাছে নেইমারই সেরা।"

"ব্রাজিলের চেয়ে বার্সেলোনার হয়ে নেইমার অনেক বেশি কিছু করেছেন। কারণ, ওই দলটি অনেক বেশি গোছানো। আগামী কোপা আমেরিকার জন্য ব্রাজিল নতুন করে দল সাজাচ্ছে।"

২০১৫-১৬ মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় তিনটি ম্যাচে মাঠে নেমেছেন নেইমার। এর মধ্যে মাত্র একটি গোল করতে সক্ষম হয়েছেন তিনি। কিন্তু ৪২ ব্ছর বয়সী কার্লোসের মতে, নেইমার সন্তোষজনক পারফরম্যান্স করেছেন।

তিনি বলেছেন, "আমরা দেখি, নেইমার বার্সেলোনায় তার সেরা ফর্মেই আছেন। ব্রাজিলের অধিনায়ক হওয়া তার জন্য অনেক বেশি দায়িত্ব। বার্সেলোনায় তার পাশে মেসি ও সুয়ারেজ রয়েছেন। এর ফলে তিনি কিছুটা স্বস্তিতে থাকতে পারেন।"

জেডআই