রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যখন খেলা শুরু করলেন তখন একজন পেশাদার ফুটবলার হওয়ার কথা কল্পনাও করেননি।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা নিজের জন্মভূমি ম্যাদেরিয়া দ্বীপে আনদোরিনহার হয়ে কিশোর বয়সে খেলা শুরু করেন। কিন্তু তখন নিজেকে বিশেষ কোনো মেধাবী খেলোয়াড় হিসেবে ভাবেননি।

'হারবালাইফ'কে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, "আমাদের পরিবারের সবাই ফুটবল ভালোবাসে। আমার মনে আছে, একদিন আমি রাস্তায় ফুটবল খেলছিলাম এবং আমার বাবা আমাকে বলেছিলেন: 'যখন আমি কাজে যাই, তখন কেন তুমি ক্লাবে অনুশীলনে যাও না।' আমি বললাম, হ্যাঁ, তাইতো। এরপর আমি খেলা শুরু করলাম।"

তিনি আরো বলেন, "আমি প্রতিদিন ট্রেনিংয়ে যেতাম এবং দলে খেলতে পারাটা উপভোগ করতাম। আমার জন্য সব সময় আমার বাবা সেখানে যেতেন।"

"প্রথমতঃ খেয়াল করলাম, আমি অন্য বাচ্চাদের চেয়ে আলাদা। আমি কখনো ভাবতাম না, আমি পেশাদার হয়ে যাচ্ছি এবং ম্যানচেস্টার, রিয়াল মাদ্রিদ বা  স্পোর্টিংয়ে খেলতে যাব।"

তিনি আরো বলেন, "সেই সময় আমি শুধু খেলা উপভোগ করতে চাইতাম এবং আমার মাথায় আসছিল না যে আমি ট্যালেন্ট। প্রথমে আমি সেটা চিন্তাও করতাম না।"

তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার কয়েক বছর পর ম্যানচেস্টারে খেলার স্বপ্ন দেখেন। তিনি বললেন, "তিন বা চার বছর পর আমি চিন্তা করা শুরু করলাম: 'আমি সেখানে খেলব'। আমি প্রতিটা ম্যাচ দেখছিলাম আর সেই জার্সি পরার স্বপ্ন দেখলাম।"

জেডআই