এশিয়ান গেমসের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। বুধবার দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে ৪-২ গোলে হেরেছে তারা।
ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলের দেখা পেয়েছে ভিয়েতনাম। ২৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেছে তারা। ৬৩ মিনিটে তৃতীয় গোল করেছে ভিয়েতনাম। ৭০ মিনিটে ওয়াহেদ একটি গোল পরিশোধ করেছেন। ৭৫ মিনিটে তকলিস বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটি করলে ব্যবধান কিছুটা কমেছে। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে আরও একটি গোল করেছে ভিয়েতনাম। ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ জানিয়েছেন, ‘মিশুর অনুপস্থিতিতে রক্ষণভাগ দুর্বল ছিল বিধায় আশানুরূপ খেলতে পারেনি। খেলোয়াড়রা ভালো খেলেও দুর্ভাগ্যজনকভাবে হেরেছে। ম্যাচটি ফ্রেন্ডলি ছিল। বাংলাদেশ দল ভালো খেলার চেষ্টা করেছে।’
ইনচন এশিয়ান গেমসের আনুষ্ঠানিক পর্দা উঠবে ১৯ সেপ্টেম্বর। কিন্তু ফুটবল ডিসিপ্লিনটির গ্রুপপর্বের খেলা শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’তে। ১৫ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৮ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২২ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





