ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল জিম্বাবুয়েন্স। তবে জিম্বাবুয়ের মূল একাদশের বেশ কয়েক জন ক্রিকেটার নিয়ে গঠিত দলটি এ ম্যাচে পাত্তাই পেল না। তাদেরকে উড়িয়ে দিয়েছে বিসিবি একাদশ। ৮৮ রানের জয় তুলে নিয়েছে এনামুল হকের দল।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় জিম্বাবুয়েন্স। মাত্র ৫১ রানে বিসিবির তিনটি উইকেট শিকার করে বেশ দারুণ সূচনা করেছিল তারা। তবে বিসিবি একাদশকে কিছুটা স্বস্তি এনে দেন শামসুর রহমান ও সাব্বির রহমান।

২২ রান করে সাব্বির আউট হওয়ার পর ৪৯ রানে সাজঘরে ফিরে যান শামসুর। এরপর আলো ছড়ান ওয়ানডে দল থেকে বাদ পড়া নাসির হোসাইন। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর ৬১ রান করেন তিনি। এছাড়া শুভাগত হোম ৪০ ও আবুল হাসান ১৬ বলে ৩৩ রান করেন। এতে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে বিসিবি।

জবাবে জিম্বাবুয়েন্সের শুরুর দিকের ব্যাটসম্যানরা কিছুটা আশার আলো দেখালেও শেষের দিক ছিল একেবারেই নিষ্প্রভ। ফলে ৪৫.৩ ওভারে মাত্র ১৯৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। এতে ৮৮ রানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

জিম্বাবুয়েন্সের পক্ষে সর্বোচ্চ স্কোর ৫০ রান করেন টিমেসেন মারুমা। ওয়ানডাউনে মাঠে নামা সিকান্দার রাজা ৪৪ রান করে সাজঘরে ফিরে যান। এছাড়া ওপেনার ব্রেন্ডন টেলরের ২৮ ও নিচের সারির ব্যাটসম্যান মাতুমবামির ২২ রানই উল্লেখযোগ্য।

বিসিবির বোলার শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান ও সাব্বির রহমান দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট করে উইকেট পান মুক্তার আলী ও নাসির হোসাইন।

জেডআই