পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ওয়ানডেতে এটি ২৯তম হাফ-সেঞ্চুরি তার।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচটিতে ৭৫ বলে ৬টি চারের সুবাদে ৫০ রান পূর্ণ করেন তামিম।

২০০৭ সালে ওয়ানডেতে অভিষেক হয় নাফিস ইকবালের ছোট ভাই তামিমের। এরপর ১৪২ ম্যাচে ১৪১ ইনিংস ব্যাট করে মোট ৪১৭৫ রান করেছেন তিনি। এতে মোট ৪টি সেঞ্চুরি রয়েছে। এই ম্যাচের হাফ-সেঞ্চুরি নিয়ে মোট অর্ধ-শতকের সংখ্যা ২৯টি।

তামিম সর্বশেষ হাফ-সেঞ্চুরি করেছেন বেশি দিন হয়নি। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষেই পূর্ণ করেছিলেন ২৮তম হাফ-সেঞ্চুরি।

তবে সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই বছর আগে। সেই ২০১৩ সালের মার্চ মাসে শ্রীলঙ্কার হাম্বানটোটায় ১১২ রানের ইনিংস খেলেছেন।

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র ৫ রানের আক্ষেপ থেকে গিয়েছিল তার। আউট হয়েছিলেন ৯৫ রানে।

এবারও এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারেন এই ওপেনার।

জেডআই