ওয়ালটন ১ম কক্সবাজার বীচ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ইয়ংমেন্স ক্লাব। বুধবার পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইয়ংমেন্স ক্লাব ৬-৫ গোলে হারায় আবাহনী ক্রীড়া চক্রকে।
চ্যাম্পিয়ন দলের পক্ষে হ্যাটট্রিক করেন অধিনায়ক মাসুদ আলম। একটি করে গোল পান জিসান, মনসুর ও মুকুট। আবাহনীর হয়ে দুটি করে গোল করেন আবু হানিফ ও কৌশিক বড়ুয়া। অপর গোলটি করেন ধীমান বড়ুয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আরবি গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বাফুফের নির্বাহী সদস্য বীজন বড়ুয়া এবং ওয়ালটনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মেহরাফ হোসেন আসিফ। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসীম উদ্দিন, অতিরিক্ত সাধারন সম্পাদক অনুপ বড়ুয়া অপু ও টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী হারুন অর রশীদ এসময় উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ইয়ংমেন্স ক্লাব ২০ হাজার টাকার প্রাইজমানি, ট্রফি ও মেডেল লাভ করেছে। রানার্স আপ আবাহনী ক্রীড়া চক্র পেয়েছে ১৫হাজার টাকার প্রাইজমানি। এছাড়া, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাসুদ আলম পুরস্কার হিসেবে ওয়ালটনের পক্ষ থেকে লাভ করেছেন আকর্ষনীয় একটি হোম অ্যাপ্লায়েন্স।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





