চ্যাম্পিয়ন হয়েও স্বর্ণপদক পেলেন না ফ্রান্সের অ্যাথলেট মাহিদিন মেখেসি বেনাব্বাদ। এমনকি কোনো পদকই পাননি তিনি। দৌড়ে প্রথম হওয়ার পর ট্রাকেই জার্সি খুলে ফেলায় অযোগ্য ঘোষণা করা হয় তাকে। ফলে পদক হারান তিনি।
এই ঘটনাটি ঘটেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে। তিন হাজার মিটার দৌড়ে প্রথম হন বেনাব্বাদ। কিন্তু লক্ষ্য পৌঁছার পর নিজের জার্সি খুলে মুখে নেন তিনি। এতে প্রাথমিকভাবে তাকে হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি। এরপর তাকে অযোগ্য ঘোষণা করা হয়।
বেনাব্বাদ বাদ পড়ায় স্বর্ণপদক জিতেছেন আরেক ফরাসি তারকা ইয়োআন কুয়াল। রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন যথাক্রমে পোল্যান্ডের ক্রিস্টিয়ান ও স্পেনের অ্যাঞ্জেল মুলেরা।
দৌড় শেষে স্প্যানিশ দলের পক্ষ থেকে বেনাব্বাদের এই আচারণের তীব্র বিরোধিতা করা হয়েছিল। কারণ তখন চতুর্থ স্থানে ছিলেন মুলেরা। অবশেষে বেনাব্বাদকে অযোগ্য ঘোষণা করায় তৃতীয়স্থান অর্জন করেন ওই স্প্যানিশ তারকা।
অলিম্পিকে দুটি রৌপ্যপদকজয়ী বেনাব্বাদ এর আগেও এমন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়েছিলেন। ২০১১ সালে সতীর্থ মেহদি বালার সঙ্গে ট্রাকেই হাতাহাতি করেছিলেন তিনি।
এরপর ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে স্বর্ণপদক জয়ের পর 'মাস্কট' ধাক্কা দিয়েছিলেন ২৯ বছর বয়সী বেনাব্বাদ।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





