রিও অলিম্পিকে সফল মিশন শেষ করে বর্তমানে নিজ দেশ জ্যামাইকায় অবস্থান করছেন উসাইন বোল্ট। তবে নতুন একটি মিশনের জন্য হয়তো অচিরেই প্রস্তুতি নিতে হতে পারে বিশ্বের দ্রুততম মানবকে।
কারণ, বোল্টকে অ্যাথলেটিক ট্র্যাকে চ্যালেঞ্জ জানিয়েছেন একজন। তিনি এমন একজন যার চ্যালেঞ্জ ফিরিয়ে দেওয়া বোল্টের পক্ষে হয়তো সম্ভবই হবে না। সেই তিনি হচ্ছেন ইংল্যান্ডের প্রিন্স হ্যারি।
মূলত মজা করতেই বোল্টকে দৌড়ের এই চ্যালেঞ্জ জানিয়েছেন ব্রিটিশ রাজকুমার। গত ২১ আগস্ট ছিল বোল্টের ৩০তম জন্মবার্ষিকী। টুইটারে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রিন্স হ্যারি। সেখানেই বোল্টকে নিজের বিপক্ষে দৌড় প্রতিযোগিতায় নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।
উসাইন বোল্টও অবশ্য কম যান না। প্রিন্স হ্যারির চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সদ্য রিও অলিম্পিকে পুরুষদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে স্বর্ণ জিতে ইতিহাস গড়া এই জ্যামাইকান গতিমানব।
বোল্ট ও প্রিন্স হ্যারির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। ২০১২ সালে জ্যামাইকা সফরকালে উসাইন বোল্টের সঙ্গে বেশ উপভোগ্য সময় কাটিয়েছিলেন হ্যারি। সেই সময় দু’জনে দৌড় প্রতিযোগিতাতেও নেমেছিলেন। বিস্ময়করভাবে সেবার বোল্টকে হারিয়ে দিয়েছিলেন ব্রিটিশ রাজকুমার। বোল্ট হয়তো সেই প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছেন।
এমএনজে





