ব্রাজিল বিশ্বকাপ মাতিয়ে সম্প্রতি নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে। তবে রিয়ালের হয়ে এখনো মাঠে নামা হয়নি হাসেম রদ্রিগেজের। অবশেষে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হতে যাওয়া সুপার কাপের ম্যাচ দিয়ে রিয়ালের হয়ে স্বপ্নের অভিষেক হতে যাচ্ছে ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার। ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে রিয়ালের হয়ে মাঠে নামছেন রদ্রিগেজ।
সুপার কাপে আজ রিয়ালের প্রতিপক্ষ সেভিয়া। এই ম্যাচের মধ্য দিয়ে রিয়ালের হয়ে অভিষেক নিশ্চিত জেনে কলম্বিয়ান এই তরুণ ফুটবলার জানান, রিয়ালের হয়ে অভিষেক স্বপ্ন পুরনের মতোই। রিয়ালের হয়ে ইতিহাস গড়তে চান তিনি।
ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী রদ্রিগেজ বলেন, বিশ্বকাপে যা করেছি তা কোনও দিন ভুলব না। সোনার বুট জিততে পেরে খুবই খুশি আমি। কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতেও ইতিহাস গড়তে চাই। অনেক ট্রফি জিততে চাই।
প্রতিপক্ষ সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদ যে অনেক শক্তিশালি দল তা সহজেই অনুমেয়। তাছাড়া দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও চোট সেরে ফিরেছেন। এছাড়া শুরু থেকেই খেলতে পারেন আরেক তারকা সিআর সেভেন। এই অবস্থায় মাঠে রদ্রিগেজের উপস্থিতি রিয়ালের নতুন শক্তির সঞ্চার করবে তা বলার অপেক্ষা রাখেনা। তবে সেভিয়াকে নিয়ে যথেষ্ট সতর্ক রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচের আগে ইতালিয়ান এই কোচ বলেন, সেভিয়া খুবই ভাল দল। গতবার লা লিগায় আমাদের হারিয়েছে ওরা। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই এখানে।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





