দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিক গেমছে ক্রমান্বয়ে বাড়ছে নোরো-ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এই আসর শুরুর আগেই সেখানকার ভেন্যুগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে নোরো-ভাইরাস।

এতদিন পর্যন্ত খেলোয়াড়রা ভাল থাকলেও এবার সুইজারল্যান্ডের দু’জন খেলোয়াড় নোরো-ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেল।

ফ্রি স্টাইল স্কি ইভেন্টে অংশ নিতে যাওয়া ফাবিয়ান বোয়েশ এবং এলিয়াস অ্যাম্বুয়েল নোরো-ভাইরাসে আক্রান্ত হয়েছেন নিশ্চিত হওয়ার পর তাদেরকে দলের বাকি খেলোয়াড় থেকে আলাদা রাখা হয়েছে।

আগে নোরো-ভাইরাসে আক্রান্ত ১,২০০ সিকিউরিটি গার্ডকে অলিম্পিক ভেন্যু থেকে সরিয়ে ফেলা হয়। তাদের পরিবর্তে সেখানে ৯০০ সৈন্য নিযুক্ত করা হয়।

প্রচণ্ড সংক্রামক নোরো-ভাইরাসে ইতোমধ্যেই অলিম্পিক ভেন্যুর দুই শতাধিক লোক অসুস্থ হয়েছেন। ভাইরাসটির কারণে রোগীদের বমি ও ডায়রিয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে আক্রান্তরা জ্বর, মাথা ব্যথা ও শরীরে ব্যথা অনুভব করেন, যেটিকে ‘স্টমাক ফ্লু’ বা পেটের সর্দিও বলা হয়।

সুইজারল্যান্ডের অলিম্পিক দলের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দলের বাকি সদস্যরা সুস্থ আছেন। তিনি আরও বলেন, আক্রান্ত খেলোয়াড় দু’জনের অসুস্থতাও কমে আসছে এবং সম্ভবত তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

মূল আসর শুরু হওয়ার আগে অলিম্পিকের মুখপাত্র ক্রিস্টোফার ডিউবি বলেছিলেন, দারুণ ছোঁয়াচে এই ভাইরাসটি যাতে ব্যাপক আকারে ছড়িয়ে না পড়ে, সেজন্য সব রকম পদক্ষেপ নিবেন।

খাবার ও পানীয়ের ক্ষেত্রে দারুণ কড়াকড়ি চালু এবং কোথাও নোরো-ভাইরাসের খবর পাওয়া গেলে ওই জায়গা জীবাণুমুক্ত করার ঘোষণাও দেন তিনি।

কিন্তু, কার্যত দেখা যাচ্ছে, এসব উদ্যোগ পুরো সফল হয়নি। কেউ কেউ আশঙ্কা করছেন খেলাধুলার আন্তর্জাতিক আসর থেকে রোগটি পৃথিবীজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।

জেড