ব্রাজিল বিশ্বকাপে পিছনের সারির গোলরক্ষকদের তালিকায় ছিলেন আর্জেন্টিনার সার্জিও রোমেরো। কিন্তু সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি পেনাল্টি শট ফিরিয়ে দিয়ে আর্জেন্টিনার বীর হয়েছেন তিনি। তার কৃতিত্বে ২৪ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে দুইবারের চ্যাম্পিয়নরা। এতে সেরা গোলরক্ষকের পুরস্কার 'গোল্ডেন গ্লোভস' পাওয়ার দৌড়ে স্থান পেয়েছেন রোমেরো।
২০১৪ বিশ্বকাপে জাদু দেখিয়েছিলেন মেক্সিকোর গোলরক্ষক গুলেরমো ওচা। গ্রুপ পর্বে নেইমারদের একের পর এক শট ফিরিয়ে দিয়ে মেক্সিকান প্রাচীরের খেতাব পেয়েছিলেন তিনি। কোস্টা রিকার কিলুর নাভাসও দুর্দান্ত ছিলেন এই বিশ্বকাপে। তবে এখন হিরো রোমেরোই। রোমেরোরর সঙ্গে গোল্ডেন গ্লোভস পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যারও। ফাইনাল ম্যাচই হয়তো নির্ধারণ করবে কে পাচ্ছেন এই পুরস্করাটি।
গোল্ডেন গ্লোভস পাওয়ার তালিকায় আছেন যারা:
কিলুর নাভাস: ২০১৪ বিশ্বকাপে কোস্টা রিকার সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন কিলুর নাভাস। শেষ ষোলোর লড়াইয়ে তার জাদু দেখেছিল বিশ্ব। বিশ্বকাপে পাঁচ ম্যাচে ২১ টি সেভ করেছন তিনি। আর তিন ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।
ম্যানুয়েল নুয়্যার: বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জার্মানির তারকা নুয়্যার। ছয় ম্যাচে ২৫টি সেভ করেছেন তিনি। ফাইনাল ম্যাচে তার দল খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। দলীয় পুরস্কারটি জিততে পারলে হয়তো ব্যক্তিগত পুরস্কারটিও পেতে পারেন এই গোলরক্ষক।
সার্জিও রোমেরো: আর্জেন্টিনার নতুন বীর রোমেরো। সেমিফাইনালে ভ্লার ও স্নেইডারের দুটি বল ফিরিয়ে দিয়ে দলকে নিয়ে গেছেন ফাইনালে। বিশ্বকাপে ১৫ সেভ করেছেন তিনি। নিজের পারফরম্যান্সে টানা দ্বিতীয় বিশ্বকাপে দলের শেষ প্রহরী হিসেবে প্রথম পছন্দের তালিকায় ছিলেন তিনি।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





