রজার্স কাপ টেনিস টুর্নামেন্টে পুরুষ বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ, দ্বিতীয় বাছাই গ্রেট ব্রিটেনের এন্ডি মারে, চতুর্থ বাছাই জাপানের কাই নিশিকোরি ও সপ্তম বাছাই স্পেনের রাফায়েল নাদাল।
চলতি মাসের শেষেই শুরু হচ্ছে বছরের শেষ ও চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। এই আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন খেলোয়াড়রা। বর্তমানে মন্ট্রিলের রজার্স কাপে ঘাম ঝড়াচ্ছেন তারা। ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচ।
তৃতীয় রাউন্ডের ম্যাচে জকোভিচের প্রতিপক্ষ ছিলেন অবাছাই যুক্তরাষ্ট্রের জ্যাক সক। ৬-২ ও ৬-১ গেমে ম্যাচটি জিতে নেন জকোভিচ। মাত্র ৫৪ মিনিট লড়াই করে ম্যাচ জয় করা জকোভিচ ম্যাচ শেষে বলেন, ‘আমি তার সাথে আগে কখনোই খেলেনি। তবে তার খেলা দেখেছি। কিন্তু কোর্টে তার সাথে খেলাটা কঠিনই ছিলো। তারপরও সহজেই ম্যাচটি জিতেছি আমি।’
সহজ জয়ের স্বাদ পেয়েছেন মারেও। মাত্র ৬৫ মিনিট লড়াই করে তৃতীয় রাউন্ডে লুক্সেমবার্গের জাইলস মুলারকে হারান মারে। ম্যাচের স্কোর লাইন ছিলো ৬-৩ ও ৬-২। এ ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মারে বলেন, ‘আমার মনে হয় আমি এ ম্যাচে ভালো খেলেছি। পুরো ম্যাচে যা করতে চেয়েছি, তাই করতে পেরেছি। টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে পারবো।’
দুই সেট লড়াই করে শেষ আটের টিকিট পেয়েছেন নিশিকোরিও। ত্রয়োদশ বাছাই বেলজিয়ামের ডেভিড গফিনকে ৬-৪ ও ৬-৪ গেমে হারান সদ্য ওয়াশিংটনের শিরোপা জয় করা নিশিকোরি।
তারকাদের মধ্যে কোয়ার্টারফাইনালে উঠেছেন নাদালও। অবাছাই রাশিয়ার মিখাইল ইউজনিকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি। ৬-৩ ও ৬-৩ গেমে ম্যাচ জয় করা নাদাল বলেন, ‘দারুণ লাগছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায়। তবে সেখানে বড় পরীক্ষা দিতে হবে আমাকে। এজন্য আমি প্রস্তুত।’ কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ নিশিকোরি।
জেডআই





