আইপিএলে এখন আফগান-রাজ চলছে। আরও স্পষ্ট করে বললে, রাশিদ-রাজ। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার যাকে ‘র্যাশ’ বলে ডাকেন।
যেমন মোস্তাফিজুর রহমানকে হায়দরাবাদের সবাই নাম দিয়েছে ‘ফিজ’। সেই আফগান লেগ-স্পিনার রাশিদ খানের ১৯ রানে তিন উইকেটে গুজরাট লায়ন্স ১৩৫/৭-এর বেশি এগোতে পারেনি।
ডুয়ানে স্মিথের ২৭ বলে ৩৭, দিনেশ কার্তিকের ৩০ এবং ওপেনার জেসন রয়ের ২১ বলে ৩১ ছাড়া বলার মতো রান আর কারও নেই।
নিজেদের মাঠে এবারের আইপিএলের ষষ্ঠ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ অনায়াসে নয় উইকেটে ম্যাচ জেতে। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৪৫ বলে অপরাজিত ৭৬ (ছয়টি চার ও চারটি ছয়) এবং ময়সেস হেনরিক্সের ৩৯ বলে হার না-মানা ৫২ রানে ২৭ বল বাকি থাকতে হায়দরাবাদ টপকে যায় গুজরাটের রান।
হায়দরাবাদের এটি টানা দ্বিতীয় জয়। ম্যাচসেরা হয়েছেন রাশিদ খান। যিনি এ বছর ২৩টি টি ২০ উইকেট নিলেন। যা সুনীল নারিনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।
দিনের দ্বিতীয় ম্যাচে হার্দিক পান্ডিয়ার ১১ বলে অপরাজিত ২৯ রানে মুম্বাই ইন্ডিয়ান্স (১৮০/৬) এক বল বাকি থাকতে চার উইকেটে হারিয়েছে কলকাতা নাইটরাইডার্সকে (১৭৮/৭)।
মুম্বাইয়ের রানা মাত্র ২৯ বলে ৫০ রান করেন। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে কলকাতা ১৭৮ রান করে মূলত মনীষ পান্ডের ৪৭ বলে অপরাজিত ৮১ রানের সহায়তায়। পাঁচটি চার ও পাঁচটি ছয় তার ইনিংসে।
২৪ বলে ৩২ রান করেন ওপেনার ক্রিস লিন। মুম্বাইয়ের পক্ষে প্রথম খেলতে নামা লাসিথ মালিঙ্গা ৩৬ রানে দুটি এবং কেএইচ পান্ডিয়া ২৪ রানে তিনটি উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের রানা।
সূত্র: ক্রিকইনফো।





