সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের রানআউটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৮৭ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস।
দুইজনের পঞ্চাশ ছাড়ানো ষষ্ঠ উইকেট জুটিতে আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। আর ৪৫.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ালো ২০৮/৫।
মাহমুদউল্লাহ- ৭২ ও ইমরুল কায়েস- ৫০ রানে ব্যাট করছেন।
প্রথম পাওয়ার প্লে’র ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৪/২। এশিয়া কাপে এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শান্ত উইকেট খোয়ান ব্যক্তিগত ৬ রানে। শান্তর বিদায়ে ৫ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৬/১।
আগের দুই ম্যাচেই শান্তর সংগ্রহ ছিল ৭ রান। ওয়ানডাউনে প্রমোশন নিয়ে ব্যর্থ মোহাম্মদ মিঠুনও। আফগান পেসার আফতাব আলমের ডেলিভারিতে তুলে মারতে গিয়ে রহমত শাহর হাতে ক্যাচ দেন শান্ত। আর ব্যক্তিগত ১ রানে আফগান লেগস্পিনার মুজিব জাদরানের বলে এলবিডব্লিউর ফাঁদে জড়ান মিঠুন। এতে ৫.৩তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮/২-এ।
এবারের এশিয়া কাপের চার ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটির সংগ্রহ যথাক্রমে ১, ১৫, ১৫ ও ১৬ রান। দলীয় ১৮ রানে দুই উইকেট হারানোর পর মুশফিকুর রহিম ও লিটন দাসের তৃতীয় উইকেট জুটিতে আসে ৬৩ রান। নিজেকে হারিয়ে খোঁজা লিটন বড় ইনিংস খেলার সুযোগ নষ্ট করেন। রশিদ খানের প্রথম ওভারে বাজে শট খেলতে গিয়ে আউট হন তিনি।
১৯তম ওভারের তৃতীয় বলে চার মারার পরের বলেই ক্রস খেলতে যান লিটন। ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় বল উপরে উঠে যায়। সহজ ক্যাচ নেন ইহসানউল্লাহ জনাথ। আগের তিন ম্যাচ মিলিয়ে মাত্র ১৩ রান করেন লিটন।
এক বলের বিরতিতে মুশফিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট সাকিব আল হাসান। সিঙ্গেল নিতে গিয়ে স্ট্রাইক প্রান্তে ফেরার আগেই সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙেন সামিওল্লাহ শেনওয়ারি। রশিদের পরের ওভারেই ইমরুল কায়েসের শিকার হন মুশফিক (৩৩)। ননস্ট্রাইক প্রান্তে ফেরার সুযোগ পাননি।
মোহাম্মদ নবীর থ্রো থেকে মুশফিককে ফেরান বোলার রশিদ নিজেই। হাত দিয়ে স্টাম্প ভাঙলেও ওই হাতে বল থাকায় থার্ড আম্পায়ার রানআউটের সিগন্যাল দেন। দলের দুই ব্যাটিং স্তম্ভের রানআউটে হঠাৎই বাংলাদেশের ছন্দপতন। ৬ রানের মধ্যে তিন উইকেটের পতন ঘটে। দলীয় সংগ্রহ ৮১/২ থেকে হয়ে যায় ৮৭/৫।
রোববার আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে সুপার ফোর পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আফগানদের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন। মোসাদ্দেক হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। আর পেসার রুবেল হোসেনের বদলে সুযোগ নিয়েছেন বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।
আজ (২৩ সেপ্টেম্বর) আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে টেস্ট ক্রিকেটে নবীন সদস্য দেশটির মুখোমুখি হচ্ছে আবার। এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন।
দলে স্থান পেয়েছেন নাজমুল ইসলাম ও ইমরুল কায়েস। মোসাদ্দেক হোসেনের বদলে ইমরুল কায়েসকে নেয়া হয়েছে। ইমরুলের সাথে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া সৌম্য সরকারের স্থান হয়নি এই ম্যাচে। ফলে তাকে অপেক্ষা করতে হয়েছে।
এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল প্রতিশোধ গ্রহণের জন্যই নয়, ফাইনালে যেতে হলেও এই ম্যাচে বাংলাদেশের জন্য জয় পেতেই হবে। এ জন্যই ইমরুল কায়েস আর সৌম্য সরকারকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ: নাজমুল, লিটন, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, ইমরুল, মিথুন, মাশরাফি (অধিনায়ক), মিরাজ, অপু, মুস্তাফিজ।
আফগানিস্তান একাদশ: শাহজাদ, এহসানউল্লাহ, রহমত, আসগর (অধিনায়ক), হাসমতউল্লাহ, মোহাম্মদ নবী, সামিউল্লাহ, গুলবাদিন, রশিদ, আফতাব, মুজিব।
সুপার ফোরের অপর ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান।
এমবি





