টেস্টের পর এবার ওয়ানডে ক্রিকেটেও গোলাপি বল ব্যবহারের কথা বললেন ভারতীয় ব্যাটিং লিজেন্ড সুনিল গাভাস্কার।
অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মোট ১২শ’র বেশি রান হওয়ার পর ‘কিছু না করতে পারা’ সাদার পরিবর্তে গোলাপি রঙের বল ব্যবহারে মনোযোগী হওয়ার পরামর্শ গাভাস্কারের।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেয়া সাক্ষাত্কারে গাভাস্কার বলেন, সাদা বলে বোলারদের করার কিছুই থাকছে না। আমি মূলত এটাকে কিছু না করার বল হিসেবে অভিহিত করছি... যা সফল ও আনন্দদায়ক হতে পারে তাহলো গোলাপি বল। এটা সীমিত ওভারের ক্রিকেটে ব্যবহার করা যেতে পারে। এমনকি এটা ব্যাট-বলে ভারসাম্য আনতে পারে।
তবে গোলাপি বল শুরু করার আগে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বলে মনে করছেন ৬৬ বছর বয়সী গাভাস্কার। পরীক্ষামূলক একটা টুর্নামেন্ট হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) এটা ব্যবহার করা যেতে পারে উল্লেখ করেন তিনি।
সাবেক এই ওপেনার আরো বলেন, ঘরোয়া পর্যায়ে এটা পরীক্ষা হওয়া দরকার। হতে পারে আইপিএলের প্রাথমিক পর্যায়ের কিছু ম্যাচে গোলাপি বল ব্যবহার করা এবং কেমন হয় তা দেখা যেতে যেতে পারে।
গত নভেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে একটি ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম গোলাপি রঙের ব্যবহার করা হয়। এডিলেডের ওভালে অনুষ্ঠিত প্রথমবার ব্যবহার করা গোলাপি বলের এই ম্যাচে জয়ী হয় অস্ট্রেলিয়া। এখন সীমিত ওভারের ক্রিকেটেও গোলাপি বল ব্যবহারের পরীক্ষা শুরু হচ্ছে অস্ট্রেলিয়াতে।-বাসস।
এআই





