লিওনেল মেসি বা ক্রিস্তিয়ানো রোনালদো কি নতুন ইতিহাস গড়তে পারবেন? ক্রীড়াঙ্গনের সম্মানজনক পুরস্কার লরিয়াস অ্যাওয়ার্ড জন্য মনোনীতদের প্রাথমিক তালিকায় আছেন এই দুই তারকা ফুটবলার। এর আগে কোনো ফুটবলার এই পুরস্কার জেতেননি।
গত ১২ জানুয়ারি টানা দ্বিতীয়বারের মতো ফিফা-ব্যালন ডি’অর জয়ী রোনালদো আর চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি প্রথমে ৬ জনের সংক্ষিপ্ত তালিকায় আসার জন্য লড়বেন।
ফিফা-ব্যালন ডি’অর জয়ী রোনালদো উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা জেতাতে ১৭টি গোল করেন তিনি। গত ডিসেম্বরে স্পেনের লা লিগায় নিজের ২৩তম হ্যাটট্রিক করেন রোনালদো। স্পেনের সর্বোচ্চ লিগে করেন গোলের দ্বিশতক।
মেসি গত মৌসুমে ক্লাবের হয়ে তেমন কিছু না জিতলেও ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ফাইনালে ওঠেন। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।
অর্জনের ডালিতে এতকিছু থাকার পরও ৬ জনের সংক্ষিপ্ত তালিকায় আসতে তাদের ভালোই লড়াই করতে হবে বলে মনে করেন অনেকে। কারণ তাদের লড়তে হবে ফর্মুলা ওয়ানের তারকা লুইস হ্যামিল্টন ও মটো জিপি তারকা মার্ক মার্কেস, বিশ্বের এক নম্বর গলফার ররি ম্যাকলরয়দের সঙ্গে।
২০১৪ সালে নিজের দ্বিতীয় ফর্মুলা ওয়ান শিরোপা জেতেন হ্যামিল্টন। আর মার্কেস ২১ বছর বয়সে জেতেন টানা দ্বিতীয় মটো জিপি শিরোপা।
প্রাথমিক তালিকায় ক্রিকেট থেকেও আছেন একজন। আইসিসির বর্ষসেরা ক্রিকেটর ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জেতা অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল জনসন।
এ ছাড়াও লড়াইয়ে আছেন সের্গেই বুবকার বিশ্ব রেকর্ড ভাঙা ফ্রান্সের পোলভোল্টার রোনো লাভিলনি, জাপানের জিমন্যাস্ট কোহেই উচিমুরা, চীনের টেবিল টেনিস খেলোয়াড় ঝাং জিকে, বৃটিশ রাগবি তারকা জনি উইলকিনসন, জার্মানির চাকতি নিক্ষেপকারী রবের্ট হার্টিং।
শীতকালীন ক্রীড়ার দুই বড় তারকা অস্ট্রিয়ার মার্সেল হিরশা ও নরওয়ের উলে আইনার বিওনডালেনের সঙ্গে আছেন সাঁতারের দুই তারকা দক্ষিণ আফ্রিকার চাড লে ক্লস ও চীনে নিয়াং জে তাও।
বর্তমানে বিশ্বের এক নম্বর বক্সার যুক্তরাষ্ট্রের ফ্লয়েড মেওয়েদারের সঙ্গে এই তালিকায় আছেন এই খেলাটির আরেক তারকা ফিলিপাইনের মানি পাকিয়াও। আছেন মার্কিন দুই তারকা এনবিএ-এর কেভিন ডুরান্ট আর বেসবলের মাইক ট্রাউট।
গত বছর প্রথম ট্যুর ডি ফ্রান্স জয়ী ইতালির ভিচেনসো নিবালির সঙ্গে এই তালিকায় আছেন পোলোর তারকা আর্জেন্টিনার আদোলফো কাম্বিয়াসো আর রেকর্ড ছুঁয়ে আইটিইউ ওয়ার্ল্ড ট্রায়াথলন চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেনের হাভিয়ের গোমেস।
মনোনীত ৬ জনের নাম ১১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। আর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমির ৪৭ জন সদস্যের গোপন ভোটে করা হবে মূল বিজয়ী নির্বাচন। চীনের সাংহাইয়ে ১৫ এপ্রিল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
রোনালদো বা মেসি পুরস্কারটি জিতলে নাম লেখাতে পারবেন মাইকেল শুমাখার, টাইগার উডস, রজার ফেদেরার ও উসাইন বোল্টদের মতো কিংবদন্তির পাশে।
এমকে





