ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অশ্বিনের বোলিং ঘূর্ণিতে তছনছ হয়ে গেছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ফলে প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানেই অল আউট হয়েছে তারা।

ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের মধ্য দিয়ে ক্রিকেটকে বিদায় জানাবেন লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। কিন্তু তার বিদায়ী সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনটি কাটল অত্যন্ত বাজেভাবে।

বুধবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কিন্তু ভারতীয়দের বোলিং তোপে মাত্র ৪৯.৪ ওভারে ১৮৩ রানে ইনিংস গুটিয়ে যায় তারা।

দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৬০ রানের মধ্যেই ৫ উইকেট শেষ হয়ে যায় স্বাগতিকদের। করুনারত্নের (৯) পর একে একে মাঠ থেকে বিদায় নেন সিলভা (৫), সাঙ্গাকারা (৫), থিরিমান্নে (১৩) ও মুবারক (০)।

অধিনায়ক ম্যাথুস ও চান্দিমাল কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু হাফ সেঞ্চুরি করার পর ম্যাথুস (৬৪) বিদায় নিলে ভেঙে যায় তাদের ৭৯ রানের জুটি।

প্রাসাদ রানের খাতা খোলার আগেই ক্রিজ ছাড়লেও চান্দিমাল ও হেরাথ দলের হাল ধরার চেষ্টা করেন। তবে ৫৯ রান করা চান্দিমাল ফিরে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ইনিংস গুটিয়ে যায় লঙ্কানদের। শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে ২৩ রান করেন হেরাথ।

শ্রীলঙ্কার ইনিংস ধ্বসিয়ে দিতে বল হাতে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন অশ্বিন। ১৩.৪ ওভারে ৪৬ রান দিয়ে দুটি মেডেনসহ ছয়টি উইকেট শিকার করেন তিনি। দুটি উইকেট পান মিশরা। বাকি দুটি উইকেট নেন ইশান্ত ও বরুন অ্যারোন।

জেডআই