জাতীয় দলের পেসার রুবেল হোসেন জামিনে মুক্ত পাওয়ায় নিজেদের খুশির কথা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
চিত্রনায়িকা হ্যাপির করা মামলায় রোববার মহানগর দায়রা জজ আদালতে রুবেলের আইনজীবীরা তার জামিনের আবেদন করলে এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এরপর বিকালেই কারাগার থেকে মুক্ত হন রুবেল।
রুবেলের মুক্তি পাওয়া নিয়ে আকরাম খান বলেছেন, "রুবেলের জামিনে আমরা বিশেষ করে আমি খুব খুশি। ওর একটা সমস্যা হচ্ছিল, টেনশনে ছিল বেশ কিছুদিন ধরে। আল্লাহর রহমতে তার পক্ষে রায় এসেছে।"
তিনি আরো বলেন, "আমরা সব সময় ফাস্ট বোলারদের নিয়ে সমস্যায় থাকি। আমাদের ৬০ ভাগ পেস বোলারদের সব সময়ই সমস্যা থাকে। এদের মধ্যে ফিট পেসারের তালিকায় এক নম্বর ধরা হয় রুবেল হোসেনকে। গত ৫-৬ বছর ওর পারফরমেন্স খুব ভাল। সে কিন্তু পাওয়ার প্লেতে বল করে, পুরনো বলে পেস করতে পারে, সে অভিজ্ঞ বোলার।"
বোর্ড সভাপতি বলেছে এখন থেকে সারা বছরই চুক্তিভিত্তিক ক্রিকেটারদের নজরদারির আওতায় আনা হবে। আপনি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে বিষয়টিকে কিভাবে নিচ্ছেন— এমন প্রশ্নে আকরাম খান বলেছেন, ‘আমি মনে করি, প্রত্যেকটা মানুষের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। সবাইকে সবকিছু জোর করে করানো যায় না। নিজের চিন্তা-ভাবনা থাকা উচিত। আমি মনে করি, এই ধরনের সমস্যাগুলো থেকে নিজেদের বাঁচিয়ে রাখা নিজেদেরই দায়িত্ব। আমি নিশ্চিত, এমন একটা বাজে অভিজ্ঞতা থেকে সবাই শিক্ষা নেবে। আমরা এটা বোর্ড মিটিংয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটা খেলোয়াড়ের ব্যক্তিগত জীবন, আচরণ যা দেশ কিংবা নিজের যেন ক্ষতিকর না হয়, এ সব নিয়ে চিন্তা-ভাবনা করব।’
অন্তর্বর্তীকালীন জামিনে বলা হচ্ছে, আপনারা কি নিশ্চিত বিশ্বকাপের মধ্যে আর কোনো সমস্যা হবে না? এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আমি আইনজীবীর সঙ্গে কথা বলেছি। উনি (আইনজীবী) বলেছে আগামী ৩ মাস পর্যন্ত সে জামিনে থাকবে। আগামী ৩ মাস তার ক্রিকেট খেলতে কোনো বাধা নেই।’
জেডআই





