ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরো মজবুত করল চেলসি। শনিবার হাই-ভোল্টেজ ম্যাচে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে স্বাগতিকদেরকে ২-১ গোলে হারিয়েছে কোচ হোসে মরিনহোর শিষ্যরা।
এই জয়ের ফলে লিগে ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে চেলসি। বিপরীতে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই আছে লিভারপুল। এদিকে এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট ও ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সাউদাম্পটন ও ম্যানচেস্টার সিটি।
সুয়ারেজবিহীন লিভারপুল চলতি মৌসুমে একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে। নিজেদের মাঠে এই ম্যাচে জায়ান্টদেরকে হারিয়ে আবার প্রতিযোগিতায় ফেরার স্বপ্ন ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত গ্যালারিতে উপস্থিত হওয়া প্রায় ৪৫ হাজার দর্শককে হতাশ করেছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।
অবশ্য এদিন খেলার শুরুতে লিড নিয়েছিল লিভারপুল। ৯ মিনিটে রহীম স্টার্লিংয়ের দেয়া পাস থেকে গোল করতে ভুল করেননি ইমরি কান। তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিটের মধ্যেই গোলটি শোধ করে দেন চেলসির গ্যারি কাহিল। ১৩তম মিনিটে কর্নার কিক স্বাগতিক গোলরক্ষক ফিরিয়ে দিলেও সেটি বিপদমুক্ত হয়নি। চেলসির নেমাঞ্জা মাতিক আলতো করে বলটি গড়িয়ে দেন আর সেটি জালে জড়াতে ভুল করেননি কাহিল।
এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দল দুটি। বিরতির পর ফিরে এসে লিড নেয় চেলসি। ৬৭ মিনিটে এই গোলটি করেন ডিয়াগো কোস্টা। শেষ পর্যন্ত গোলটি শোধ করতে পারেনি দ্য রেডস। ফলে হারের লজ্জা নিয়ে নিজেদের মাঠ ছাড়ল তারা। আর জয় নিয়ে বীর বেশে ফিরে গেল চেলসি।
জেডআই





