পিএসজি ছাড়তে চাইছেন কিলিয়ান এমবাপ্পে, খবরটা পুরনো। শুরুতে পিএসজি সায় দিলেও এখন বাঁক নিয়েছে তাদের সিদ্ধান্ত, এমবাপ্পেকে রেখে দিতে বড় পরিকল্পনা সাজিয়েছে তারা। নতুন খবর অনুযায়ী বড় অংকের অফার নিয়ে মাঠে নেমেছে পিএসজি।
এমবাপ্পেকে রেখে দিতে অবিশ্বাস্য এক চুক্তি করতে চায় ক্লাবটি, ১০০ কোটি ইউরো দিয়ে রেখে দিতে চায় এই ফুটবলারকে! চুক্তি হবে ১০ বছর মেয়াদী। অর্থাৎ, এমবাপ্পের বয়স তখন ৩৪ বছরে পৌঁছে যাবে! এমন যদি হয়, তবে ক্রীড়া জগতে রীতিমতো বিস্ফোরক এক ঘটনাই ঘটে যাবে!
চুক্তির মেয়াদ অবশিষ্ট থাকলেও এই মৌসুম শেষেই পিএসজি ছাড়তে চাচ্ছেন এই এমবাপ্পে। ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দেন চুক্তির মেয়াদ শেষ হলে আর থাকবেন না প্যারিসে। এরপরে বিভিন্ন সূত্রে জানা যায়, অর্থকড়ি তার কাছে বড় নয়। রিয়াল মাদ্রিদে খেলাটা তার স্বপ্ন এবং তিনি সেখানেই যেতে চান।
চুক্তি নবায়ন না করার বিষয়টি জানিয়ে দেয়ার পর তাকে এবারের দলবদলে বিক্রি করতে উঠেপড়ে লেগে যায় পিএসজি। এর কারণও আছে। আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় (ফ্রি এজেন্ট) হয়ে যাবেন এমবাপ্পে। সে ক্ষেত্রে দলবদলের টাকা পাবে না পিএসজি।
এই যখন অবস্থা তখন ডিফেন্সা সেন্ট্রাল গণমাধ্যমের নতুন এই খবরে নড়েচড়ে বসেছে ফুটবল বিশ্ব।
এবিএস





