বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার হ্যামিল্টনের সিডন পার্কে বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামছে তারা।
এবারের বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচেই জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে কিউইরা। এদিকে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। উভয় দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও কম গুরুত্বপূর্ণ নয়।
এই ম্যাচে বাংলাদেশ জয় পেলে টেবিলের চতুর্থস্থান থেকে তৃতীয় বা দ্বিতীয় স্থানে উঠে যাবে। এছাড়া ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সাত ম্যাচেই জিতেছে বাংলাদেশ। এবার সেটিকে ৮-০ পরিণত করার সুযোগ।
এদিকে প্রতিশোধ নেয়ার পালা নিউজিল্যান্ডের। টাইগারদের বিপক্ষে দু'বার হোয়াইট ওয়াশ হওয়ার বেদনা দূর করার সুযোগ তাদের। বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারায় ফেরাসহ গ্রুপ পর্বের সব কটি ম্যাচে জয়ের গৌরব অর্জন করার সুযোগ।
বৃহস্পতিবার হ্যামিল্টনে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া খবরে বলা হয়েছে, শুক্রবার সেখানে বৃষ্টি থাকার সম্ভাবনা খুবই কম। তবুও নিশ্চিত করে বলা যাচ্ছে না, ম্যাচটি যথাসময় অনুষ্ঠিত হতে পারবে কিনা।
জেডআই





