আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালে সমানে-সমান লড়াই হবে বলে মনে করছেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল। তাই জয়ী দলের ভাগ্যের একটু সহায়তাও প্রয়োজন হবে বলে মনে করেন তিনি।

টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল থেকে আর এক ম্যাচ দূরে গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস। মারাকানার টিকেট পেতে সাও পাওলোয় দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাতে হবে ফন গালের দলের।

এই ম্যাচে কোনো ফেভারিট আছে বলে মনে করেন না ডাচ কোচ। আর প্রতিপক্ষের সেরা খেলোয়াড় লিওনেল মেসি নয়, আর্জেন্টিনা দলকে ঘিরেই পুরো পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।
স্পেনকে ৫-১ গোলে হারিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযানের শুরুটা ছিল দুর্দান্ত। এরপর অস্ট্রেলিয়াকে ৩-২ ও চিলিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপের সেরা দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় রবিন ফন পের্সি, আরিয়েন রবেনের দলটি।

শেষ ষোলোর লড়াইয়ে পিছিয়ে থেকেও ৬ মিনিটে দুই গোল করে মেক্সিকোকে হারায় দলটি। আর কোয়ার্টার-ফাইনালে কোস্টা রিকার বাধা পার হতে হয়েছে টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে জিতে।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই