১১তম ওভারের তৃতীয় বলে মুস্তাফিজের স্লোয়ারে স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান আফ্রিদি। কিন্তু এক বল পরই ছক্কার বদলা নিয়ে নেন মুস্তাফিজ। আরেকটি স্লোয়ারে উইকেটের পেছনে ক্যাচ দেন পাকিস্তানের অধিনায়ক।
কিন্তু আফ্রিদির ধারণা বলটি তাকে স্পর্শ করেনি এবং আম্পায়ার তার আউটটি নিয়ে ভুল সিদ্ধান্ত দিয়েছেন।
পাকিস্তানের অধিনায়ক আফ্রিদি ক্রিজে থেকে রিভিউয়ের ইঙ্গিত দেন। কিন্তু তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন এই সিরিজে টি-টোয়েন্টিতে রিভিউ আবেদেনের সুযোগ নেই। ম্যাচ শেষে আম্পায়ারের সমালোচনা করে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক আফ্রিদি বলেছেন , ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত তার দলের বিপক্ষে গেছে।
আফ্রিদি বলেন , “আমি আউট ছিলাম না। তবে (আম্পায়ারের) ভুল হতেই পারে। আইসিসি এই ব্যাপারগুলো দেখবে। একটি সিদ্ধান্ত নয়, দুই বা তিনটি সিদ্ধান্ত এমন হয়েছে। আমার মনে হয়, এই সিদ্ধন্তগুলো আইসিসির নজরে এসেছে।”
৯ বলে ১২ রান করা আফ্রিদি মনে করেন, একটি সিদ্ধান্ত একটি ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।
আউটের পর ‘রিভিউ’ এর ইশারা করেন আফ্রিদি। রিভিউ না থাকায় হতাশা নিয়ে মাঠ ছাড়েন তিনি। তিনি জানান, ম্যাচ রেফারির সঙ্গে সভায় না থাকায় রিভিউ আছে কী না জানা ছিল না তার।
ইআর





