ধারাবাহিক হাঁটুর ইনজুরির কারণে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বিবেচনা করছেন পাকিস্তানের পেসার উমর গুল।
টেস্ট ক্রিকেটে ১৬৩ এবং এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৭৩ উইকেট শিকার করা ৩০ বছর বয়সী গুল জানান, আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে ফিট না হলে নিজের ভবিষ্যত নিয়ে একটা সিদ্ধান্ত নেবেন তিনি।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে গুল বলেন, "আমার ভাগ্যে কি আছে ঠিক এই মুহূর্তে আমি জানি না। কারণ আমার হাঁটুর অবস্থা এখনও ভালো নয়।"
তিনি আরও বলেন, "আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার আশা করছি। কিন্তু সেটা সম্ভব না হলে আমি টেস্ট ক্রিকেট ছেড়ে দিব।"
২০১৩ সালের মে মাসে অস্ট্রেলিয়াতে হাঁটুতে অস্ত্রোপচার করেন গুল। কিন্তু এরপর এ বছরের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকা সফরেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আবারও ভেঙ্গে পড়েন তিনি। দুইবারই দলে ফিরে আবার তাকে মাঠের বাইরে যেতে হয়।
৪৭ টেস্ট খেলা গুল জানান, যেহেতু এখনো সমস্যা হচ্ছে তাই ডাক্তাররা আবারও তাকে অস্ত্রোপচার করতে হবে এবং আরও বেশি সময় পুনর্বাসনে থাকতে হবে ও জিম অনুশীলন করতে হবে বলে জানিয়েছেন। বোলিংয়ে এখনো স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বলেও জানান গুল।
গুল বলেন, "এই মুহূর্তে কেউ যদি জানতে চায় যে আমি টেস্ট খেলতে পারবো কি না- তবে আমার উত্তর হবে ‘না’।" সূত্র: বিএসএস
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





