[b]ভ্যালেন্সিয়া:[/b] লা লিগায় ফের পয়েন্ট হারালো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রোববার প্রতিপক্ষ লেভান্তের মাঠ স্টেডিও কুইদাদ ডি ভ্যালেন্সিয়ায় ১-১ গোলে ড্র করেছে কোচ জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
এই নিয়ে মৌসুমে চতুর্থবারের মতো পয়েন্ট হারালো বার্সেলোনা। অথচ নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে লেভান্তেকে ৭-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছিল কাতালানরা। এদিকে বার্সার জয়রথ থামিয়ে নিজেদের মাঠে অপরাজিত থাকাটা আরো এক ধাপ দীর্ঘ করল লেভান্তে। এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকল তারা।
খেলার ১০ মিনিটে লিড নেয় লেভান্তে। কর্নার থেকে আন্তেস ইভানশ্টিজের কিক বল হেড করে বার্সার জালে জড়িয়ে দেন লুকাস ভিন্ট্রা। জয়ের স্বপ্ন দেখা স্বাগতিকদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। নয় মিনিট পর কর্নার কিক থেকেই সমতায় ফেরে তারা। জাভির কিক করা বল হেড করে জালে জড়িয়ে দেন পিকে।
প্রথমার্ধে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কেউই। তবে ৫৯ মিনিটে দারুণ এক সুযোগ পায় পেদ্রো। সেই সুযোগকে কাজে না লাগাতে পারায় জয়বঞ্চিত হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। মেসি মাঠে থাকলেও গোল মুখ দেখেননি গত ম্যাচে জোড়া গোল করা এই তারকা।
এই ড্রয়ের পরও ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আর অ্যাটলেটিকো মাদ্রিদের পরের স্থানে আছে রিয়াল মাদ্রিদ।