আফগানিস্তানের বিপক্ষে অনেকটা ধীর গতিতে চলছেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। প্রথম ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে বিনা উইকেটে ৪৪ রান। তামিম ৪১ বল থেকে ১৯ এবং এনামুল ৪৫ বল থেকে ২৪ রান নিয়ে ব্যাট করছেন।
বুধবার সকালে আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর সঙ্গে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি মর্তুজা। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ব্যাট-বলের লড়াই।
মাঠে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার পাল্লায় এগিয়ে বাংলাদেশ। তবে ওয়ানডে ক্রিকেটে ২ দলের মুখোমুখি লড়াই হয়েছে একবার; আর তাতে হার বাংলাদেশের। গত এশিয়া কাপে বাংলাদেশকে চমকে দিয়েছিল আফগানিস্তান। নারায়ণগঞ্জের ফতুল্লায় সাকিব-তামিমদের কোণঠাসা করে জয় তুলে নিয়েছে দলটি। ওই প্রাপ্তি আফগানিস্তানের আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া দিচ্ছে। তবে টোয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেটে আফগানরা পাত্তা পায়নি বাংলাদেশের কাছে। মাশরাফিদের অনুপ্রেরণায় থাকছে ওই ম্যাচের স্মৃতি।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচটা কোচ হাথুরুসিংহের চেনা মাঠেই খেলতে নেমেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে নিযুক্ত ছিলেন হাথুরুসিংহে। এই কারনেই এই মাঠটা হাথুরুসিংহের পরিচিত।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), সৌম্য সরকার, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান দল : আফসার জাজাই (উইকেটরক্ষক), জাভেদ আহমদি, নওরোজ মঙ্গল, আসগার স্টানিকজাই, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী (অধিনায়ক), নজিবুল্লাহ জরদান, মিরওয়াইস আশরাফ, আফতাব আলম, শাপুর জরদান ও হামিদ হাসান।
এএইচ





