বিশ্বকাপ মঞ্চে প্রথম ম্যাচেই উজ্জ্বল পারফরম্যান্স করেছেন সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওই ম্যাচে ১৪.৪ ওভারে তামিম আউট হওয়ার পর সৌম্য মাঠে নেমেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে একটি মাত্র ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়েই বিশ্বকাপ মঞ্চে দ্যুতি ছড়িয়েছেন তিনি। ম্যাচের শুরুতে বাংলাদেশের অনুজ্জ্বল স্কোরবোর্ডে রানের গতির সঞ্চার হয়েছে সৌম্যের ব্যাটে। সৌম্য ২৮ রানের ইনিংস খেলেছন ২৫ বলে। বিশ্বকাপে ১০৩ মিটারের সবচেয়ে বড় ছক্কাটিও তিনি মেরেছেন। এ ছাড়া আফগানিস্তানের শেষ উইকেটটি পেতে সৌম্যর দুর্দান্ত থ্রোতে রানআউট করেছেন মুশফিক। বাংলাদেশের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচে ভাল খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন অলরাউন্ডার সৌম্য সরকার।

বৃহস্পতিবার ক্যানবেরায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। দলীয় এবং ব্যক্তিগত লক্ষ্য কি থাকবে এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘ব্যক্তিগত লক্ষ্য বলে কিছু নেই। আমি আমার নিজের খেলাটা খেলার চেষ্টা করব। প্রথম ম্যাচ যেভাবে খেলেছি ওইভাবে শুরু করার চেষ্টা করব। শেষ ম্যাচে আমি ফিনিশিংটা ভাল করতে পারিনি; এবারে এটা করার চেষ্টা করব। চেষ্টা করব, সেট হয়ে নিজের ইনিংসটা কিভাবে আরও বড় করা যায়।’

প্রথম ম্যাচের ইতিবাচক দিকগুলো কি ছিল বলে মনে করছেন? এমন প্রশ্নে সৌম্য বলেছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে আমরা ভাল খেলেছি। এভাবেই প্রত্যেকটা ম্যাচ ভালভাবে শেষ করতে চাই। দলের সবাই অনেক ভাল পারফরম্যান্স করেছে।’

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেললেন কেমন অভিজ্ঞতা হল? এ প্রশ্নে এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি বাংলাদেশ থেকে বলে এসেছিলাম এখান থেকেই নিজেকে পরিচিত করে যাওয়ার চেষ্টা করব। খারাপ খেললে তো আমার পরিচিতি বাড়বে না। ভাল করলে হয়তো সবাই আমাকে চিনবে। আমি চেষ্টা করেছি কিভাবে আরও ভাল করা যায়। আমার বিশ্বাস, আমি ভাল করতে পারব। ভাল করার মধ্য দিয়েই আমি নিজেকে চেনাতে চাই।’

পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া? এই ম্যাচটা নিয়ে কি ভাবছেন এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আমার প্রথম থেকেই বিশ্বাস আছে যে অস্ট্রেলিয়ার সঙ্গে ভাল খেলতে পারব। এখনো তাই আছে।’

দেশের বাইরে এসে এমন সমর্থন পাচ্ছেন, বিষয়গুলো কেমন লাগছে? এই প্রশ্নে সৌম্য বলেছেন, ‘অবশ্যই খুব ভাল লাগছে। প্রথম ম্যাচে আমাদের মনেই হয়নি আমরা দেশের বাইরে খেলছি। এত দর্শক বাংলাদেশের। এ সব দেখলে আসলেই খুব ভাল লাগে। এ সব দেখলে মনের মধ্যে আরও বেশী জোড় পাই। তাদের জন্য ভাল খেলার ইচ্ছাটা আরও বেড়ে যায়।’ৱ

জেআই