কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে চলমান ওয়ালটন কক্সবাজার বীচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী ক্রীড়া চক্র ও ইয়ংমেন্স ক্লাব। উভয় দলই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করেছে।
সোমবার অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আবাহনী ক্রীড়া চক্র ৯-১ গোলে বাঁশকাটা খেলোয়াড় সমিতিকে হারিয়ে ফাইনালে উঠে। আবাহনীর পক্ষে হ্যাটট্রিকসহ ৪টি গোল করেন আবু হানিফ। এছাড়া হ্যাটট্রিক করেন জাহেদ। দলের পক্ষে একটি করে গোল পান পদ্ম ও সুমন। বাঁশকাটার হয়ে এক মাত্র গোলটি করেন লোকমান।
দ্বিতীয় সেমিফাইনালে ইয়ংমেন্স ক্লাব ৯-২ গোলে মহেশখালী ফুটবল ক্লাবকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিকসহ ৫টি গোল করেন মুনসুর। এছাড়া, একটি করে গোল করেন মাসুদ, দিদার, বিপ্লব ও মুকুট। মহেশখালীর পক্ষে একটি করে গোল করেন শাহেদ ও রাফু।
আবাহনী ক্রীড়া চক্র ও ইয়ংমেন্স ক্লাবের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪শে সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায়।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





