বাংলাদেশ ও অস্ট্রেলিয়া শুধু বিশ্বকাপেই টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে, এটা যেন ‘নিয়মে’ পরিণত হয়ে গেছে! তা নয় তো কী, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আর তিনটি ম্যাচই টি-টোয়েন্টি বিশ্বকাপে!

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯টি ওয়ানডেতে একটি জয় থাকলেও তিনটি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ হেরেছে সব কটিতেই।

সোমবার আবার বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া প্রথমবার মুখোমুখি হয়েছিল ২০০৭ বিশ্বকাপে। কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচটিতে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গিয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল।

বাংলাদেশের করা ১২৩ রান ৩৭ বল হাতে রেখেই টপকে গিয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। পন্টিং ৪৮ বলে অপরাজিত ৭৩ রান করলেও বল হাতে ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ব্রেট লি।

এরপর ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ১৪১ রানে বেঁধে ফেলেও ব্যাটিং ব্যর্থতায় হেরে গিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেওয়া ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ বল বাকি থাকতেই ১১৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ২৮ রান এসেছিল সাকিব আল হাসানের ব্যাট থেকে। ২৯ বলে অপরাজিত ৪৭ রান করে ম্যাচসেরা অস্ট্রেলিয়ার মাইক হাসি।

আর সর্বশেষ ঘরের মাঠে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে বাংলাদেশ। আর এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাসকিন আহমেদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটিতে বাংলাদেশ ৭ উইকেটে হেরে গেলেও দুর্দান্ত বোলিং করেছিলেন তাসকিন। ৪ ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের তরুণ পেসার।

কিন্তু দুই বছর আগে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আরেকটি টি-টোয়েন্টি ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটেই বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন তাসকিন!

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে গত শনিবার তাসকিনের সঙ্গে স্পিনার আরাফাত সানীকেও বোলিংয়ে নিষিদ্ধ করে আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সানী-তাসকিনকে হারিয়ে তাই এলোমেলো বাংলাদেশ শিবির! তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করতে প্রত্যয়ী মাশরাফি বিন মুর্তজার দল।

এআই