দ্বাদশ এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে স্বাগতিক বাংলাদেশ। তবে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে অঘটন ঘটিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে গত আসরের রানার্স আপ দলটি। আর পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে যেন সেই অসম্ভবকে সম্ভব করার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জয়ের জন্য বর্তমান চ্যাম্পিয়নদেরকে ৩২৭ রানের টার্গেট দিল টাইগাররা।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। সুযোগটি ভালোভাবে কাজে লাগিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করেন তারা। এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে সর্বোচ্চ ৩২০ রান করেছিল লাল সবুজ বাহিনী।
এদিন ওপেনিং জুটিতে আগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ১৩৭ রান পার করেন এনামুল হক ও ইমরুল কায়েস। কিন্তু ৫৯ রান করে ইমরুল আউট হয়ে যাওয়ায় ১৫০ রানে তাদের জুটি ভেঙে যায়। ফলে মাত্র ২১ রানের জন্য শাহরিয়ার হোসাইন ও মেহরাব হোসাইনের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি ভাঙ্গতে পারেনি তারা। তবে সব মিলিয়ে এই জুটিটি বাংলাদেশের অষ্টম সর্বোচ্চ রানের জুটি।
ইমরুল কায়েস আউট হলেও ওয়ানডাউনে নামা মুমিনুল হকের সঙ্গে দলের রানের চাকা সচল রাখেন ওপেনার এনামুল হক। সেই সঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ২০১২ সালে অভিষেক হওয়া এই ক্রিকেটার। কিন্তু সেঞ্চুরির পরই সাঈদ আজমলের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আহমেদ শেহজাদের তালুবন্দী হন তিনি। মাঠ ছাড়ার আগে ১৩২ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ১০০ রান করেন এই ব্যাটসম্যান।
এরপর মুমিনুল ও মুশফিক দলের হাল ধরেন। হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তারা দু'জনই। ৫১ রান করে মুমিনুল আউট হলেও ৫১ রান নিয়েই অপরাজিত থাকেন মুশফিক। ৩৩ বলে ৮টি চারে এই স্কোর করেন দলনেতা। তবে বাংলাদেশকে ৩০০ উর্ধ্বো স্কোর এনে দিতে শেষ দিকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গত দুই ম্যাচে খেলতে না পারা সাকিব আল হাসান। মাত্র ১৬ বলে ৬টি চার ও ২টি ছক্কায় হার না মানা ৪৪ রান করেন তিনি।
পাকিস্তানের বোলার সাঈদ আজমল ১০ ওভারে ৬১ রান দিয়ে ২টি উইকেট নেন। কিন্তু ১ ওভারও বল না করে ৮ রান দেন আব্দুর রেহমান। বল করতে এসে প্রথম তিনটি বলই 'নো' বল দেন তিনি। প্রথম বলে ১ রান ও দ্বিতীয় বলে ২ রান দেন। তৃতীয় বলে দেন পাঁচ রান। ফলে আর বল করতে পারেননি এই স্পিনার।
ঢাকা,৪মার্চ(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
৩২৭ রানের টার্গেট দিল বাংলাদেশ
দ্বাদশ এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে স্বাগতিক বাংলাদেশ। তবে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে অঘটন ঘটিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে গত আসরের রানার্স আপ দলটি।





