আজ রাতেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামার জন্য রিয়ালের পর্তুগিজ তারকা শতভাগ ফিট রয়েছেন বলে জানিয়েছেন দলের কোচ জিনেদিন জিদান। রেনালদোকে সাথে নিয়েই রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ।

শুক্রবার সংবাদ সম্মেলনে জিদান বলেন, “সে কিছুটা ব্যথা অনুভব করছিল। কিন্তু আমি বলতে পারি, এখন সে শতভাগ ঠিক আছে।'

তিনি বলেন, ‘সর্বোপরি সে একটি ফাইনালে খেলছে। আপনি যখন একটি ফাইনালে খেলবেন, তখন কিছু অনুভব করলেও আপনাকে তা ভুলে যেতে হবে। কিছু ব্যথা আছে। কিন্তু এটা কিছু নয় এবং (শনিবার ফাইনালে) তার থাকার বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।’

গত মঙ্গলবার দলের অনুশীলনে গোলরক্ষক কিকো কাসিয়ার সঙ্গে ধাক্কা খেয়ে বাঁ ঊরুতে হালকা চোট পেয়েছিলেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড রোনালদো। সেই সময় খুঁড়িয়ে অনুশীলন মাঠ থেকে বেরিয়ে গেলেও পরে তিনি জানিয়েছিলেন, সব কিছু ঠিক আছে এবং তিনি ফাইনালে খেলতে পারবেন।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে থাকা রোনালদোর সামনে ফাইনালে থাকছে রেকর্ডের হাতছানি; দুটি গোল করলেই দুই বছর আগে নিজেরই গড়া এক আসরে সর্বোচ্চ গোলের (১৭) রেকর্ড ছাড়িয়ে যাবেন তিনবারের বর্ষসেরা এই ফুটবলার।

এরই মধ্যে এক আসরে গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের (১১) রেকর্ড গড়েছেন এখন পর্যন্ত ১৬ গোল করা রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডের (৯৩)মালিকও তিনিই। তার অনুপস্থিতি দলের কারোরই কাম্য নয়।

এআই