বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পট ফিক্সিংয়ের রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন মাহবুব আলম রবিন ও মোশাররফ হোসেন রুবেল। এবার ঘরোয়া লিগ ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অনুমতি পেলেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদেরকে খেলার অনমুতি দিয়েছে।
রোববার বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এই খবর নিশ্চিত করেছেন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ডের এই কর্মকর্তা জানিয়েছেন, ‘আইসিসির নিষেধাজ্ঞা থেকে মোশাররফ হোসেন রুবেল ও মাহবুব আলম রবিন আগেই মুক্তি পেয়েছেন। এখন থেকে যে কোনো ধরনের ক্রিকেটে তারা খেলতে পারবেন।'
তিনি আরো জানান, 'বিপিএল ফিক্সিংয়ে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তারা নির্দোষ। তাই ক্রিকেট খেলায় তাদের কোনো বাধা নেই।'
এই দুই ক্রিকেটার ছাড়াও বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের কর্মকর্তা গৌরব রাওয়াত, সেলিম চৌধুরী, মোহাম্মদ রফিক ও ইংলিশ খেলোয়াড় ড্যারেন স্টিভেন্স।
তবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল নিজেই দোষ স্বীকার করেছেন। এছাড়া ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা শিহাব চৌধুরী ও শ্রীলঙ্কা ক্রিকেটার লকুয়ারাচ্চির দোষ পাওয়া গেছে।
ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই