ইংলিশ প্রিমিয়ার লিগে একই রাতে মাঠে নেমেছিল টেবিলের প্রথম দিকে থাকা আর্সেনাল ও লিভারপুল। এমিরেটস স্টেডিয়ামে ক্রাইস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক আর্সেনাল। কিন্তু ওয়েস্ট ব্রুমউইচের মাঠে স্টারিজের গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল।
রোববারের ম্যাচে জয়ের ফলে ২৪ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করেছে আর্সেনাল। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে থাকা এভারটনের চেয়ে দুই পয়েন্ট বেশিতে চতুর্থস্থানে আছে লিভারপুল। তবে ২৩ ম্যাচ খেলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি (৫৩) ও চেলসি (৫০)।
এদিন নিজেদের মাঠে প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি আর্সেনাল। কিন্তু বিরতির দুই মিনিট পরই ওজলাদে চেম্বারলেইনের গোলে এগিয়ে যায় আর্সেন উইঙ্গারের দল। খেলার ৭৩ মিনিটে আরো এক গোল করেছেন ২০১২ সালের ডিসেম্বরের পর প্রথম গোলের দেখা পাওয়া চেম্বারলেইন।
এদিকে পয়েন্ট টেবিলে এভারটনের চেয়ে নিশ্চিত চার পয়েন্ট এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে খেলতে নেমেছিল লিভারপুল। ড্যানিয়েল স্টারিজের গোলে তাদের স্বপ্নটি পূরণ হতেও যাচ্ছিল। কিন্তু বিরতির পর ওয়েস্ট ব্রুমউইচের ভিক্টোর আনিচিবের গোলে ১-১ সমতায় মাত্র এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সুয়ারেজরা।
প্রতিপক্ষের মাঠে খেলার শুরু থেকেই বল দখলের দৌড়ে এগিয়ে ছিল লিভারপুল। আর ২৪ মিনিটে সুয়ারেজের পাস করা বল ব্রুমউইচের জালে জড়াতে ভুল করেননি স্টারিজ। এতে দলের লিডের সঙ্গে ইংলিশ লিগে নিজের ৫০তম গোল পূরণ করেছেন এই স্ট্রাইকার। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছে সফরকারীরা। এদিকে নতুন কোচ পেপে মেলের অভিষেক ম্যাচে জয়ই প্রত্যাশা ছিল ওয়েস্ট ব্রুমউইচের। ম্যাচটিতে জয় না পেলেও ৬৭ মিনিটে আনচিবির গোলে নতুন বসকে হারের লজ্জা থেকে রক্ষা করেছেন তারা।
ঢাকা,৩ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
শীর্ষে আর্সেনাল, লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে একই রাতে মাঠে নেমেছিল টেবিলের প্রথম দিকে থাকা আর্সেনাল ও লিভারপুল। এমিরেটস স্টেডিয়ামে ক্রাইস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক আর্সেনাল।





