বাংলাদেশ দল খেলবে, আর সেই ম্যাচ দেখতে পারবে না। তা কি করে হয়? যে করেই হোক খেলা দেখা চাই। উৎসাহ আর আগ্রহ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে গেইটও ভেঙ্গে যায়। খেলার প্রতি এমন গভীর আবেগ আর ভালবাসা নিয়ে মাঠে খেলা দেখতে গিয়েছিল সিলেটবাসী। কিন্তু কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। কারণে নেপালের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ দল।
শুক্রবার সিলেট স্টেডিয়ামে বিকাল ৫টায় খেলাটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দর্শকরা গেইট ভেঙ্গে তাড়াহুড়ো করে স্টেডিয়ামে প্রবেশ করে। এতে খেলা শুরু হতে এক ঘণ্টা দেরিও হয়। কিন্তু খেলার ফলাফলে কষ্ট পেতে হলো দর্শকদেরকে।
এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের লড়াইয়ে নেপালের সুশীল কেসি বাংলাদেশের জালে বল জড়িয়ে দেয়। এই গোলটি আর শোধ করতে পারেনি স্বাগতিক দলটি। ফলে হার নিয়েই মাঠ ছাড়ে তারা।
এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এজন্য প্রস্তুতি নিতে নেপাল দল এসেছিল বাংলাদেশে। ২৬ আগস্ট ঢাকা আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠিত এসএস স্টিল প্রথম প্রীতি ম্যাচে নেপাল অনূর্ধ্ব ২৩ দলকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ২৩।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





