উরুগুয়ের বিতর্কিত স্ট্রাইকার লুইজ সুয়ারেজ তার কৃতকর্মের জন্য সোমবার ক্ষমা চেয়েছেন ইতালীয় ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনির কাছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির এই ফুটবলারকে কামড় দেয়ার দায়ে বর্তমানে নির্বাসিত সময় পার করছেন সুয়ারেজ।

নিজের অফিসিয়াল টুইটারের মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সুয়ারেজ বলেন, ‘আমি গিওর্গিও চিয়েলিনি ও গোটা ফুটবল পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী।’ ইতালীয় ওই ফুটবলারকে কামড়ে দিয়ে তাকে শারিরিকভাবে আহত করার বিষয়টিকে উল্লেখ করেই এই ক্ষমা প্রার্থনা করেন সুয়ারেজ।

তিনি আরও বলেন, ‘আমি জন সমক্ষে শপথ করে বলছি যে এমন আরেকটি ঘটনা আর কখনোই ঘটবেনা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালীর ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনিকে কামড় দেয়ার অভিযোগে বৃহস্পতিবার সুয়ারেজকে ৯টি আন্তর্জাতিক ম্যাচ ও ৪ মাসের জন্য সবধরনের ফুটবল খেলা থেকে নিষিদ্ধ করে ফিফা।

এই নিয়ে তৃতীয়বারের মত প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে কামড় দেয়ার ঘটনা ঘটিয়েছেন সুয়ারেজ। এর আগে আয়াক্স ও লিভারপুলের হয়ে ক্লাব ফুটবলে এই ধরনের কান্ড ঘটিয়েছিলেন তিনি।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই