বোলিংয়ে দুর্দান্ত শুরু করেন মেহেদী হাসান; আর শেষটা করেন হাসান আলি। এই দুজনের শুরু আর শেষের উইকেট নেয়ার মাঝখানে ধ্বংসযজ্ঞ চালান শোয়েব মালিক ও আল-আমিন হোসেন।
আর তাতেই কুপোকাত দারুণ ছন্দে থাকা খুলনা টাইটান্স। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সাকল্যে ১১২ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিতে সক্ষম হয়েছে খুলনা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের তোপের মুখে পড়েন খুলনার ব্যাটসম্যান। শেষপর্যন্ত ১৯.২ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
খুলনার হয়ে ২০'র কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল একজন। আরিফুল হক সর্বোচ্চ ২৪ রান করেছেন। এছাড়া কাইল অ্যাবোট ১৬, মাহমুদউল্লাহ ১৪, শফিউল ইসলাম ১৬, ক্রেইগ ব্রাফেট ১৩ এবং আফিফ হোসেন করেন ৮ রান।
কুমিল্লার হয়ে মালিক ১৪ রানে এবং আল-আমিন ২০ রানে সমান তিনটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন মেহেদী হাসান, হাসান আলি, সাইফউদ্দিন ও ডোয়াইন ব্রাভো।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২৯ রান তুলতেই চার শীর্ষ ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় খুলনা টাইটান্স। এরপর দলীয় ৪০ রানের মাথায় মাহমুদউল্লাহও সাজঘরে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় টাইটান্স।
পাঁচ শীর্ষ ব্যাটসম্যানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে খুলনা টাইটান্স। শেষদিকে অ্যাবোট ও শফিউলদের ব্যাটিং খুলনাকে লজ্জা থেকে বাঁচালেও লড়াই করার মতো পুঁজি এনে দিতে পারেনি।
৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে খুলনা টাইটান্স। অন্যদিকে ৭ ম্যাচের ৫টিতে জিতে টেবিলের তিন নম্বরে থাকা কুমিল্লা আজকের ম্যাচে জিততে পারলে ঢাকাকে টপকে দুইয়ে ওঠে আসবে।
এমএ





