মাত্র নয় মিনিটে ৫ গোল করে বুন্দেসলিগার ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছেন পোলিশ তারকা রবার্ট লেবানদোস্কি। তার এই রেকর্ডের দিনে বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে উল্ফসবার্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে।

উল্ফসবার্গের উইঙ্গার ড্যানিয়েল কালিগিরির গোলে বিরতির আগে ১-০ গোলে পিছিয়ে থেকে বিশ্রামে যায় পেপ গার্দিওলার দল। আর বিরতি থেকে মাঠে ফিরে মিডফিল্ডার থিয়াগো আলকানটারার জায়গায় বায়ার্নের আক্রমণভাগে দেখা গেছে রেকর্ডম্যান লেবানদোস্কিকে।

দ্বিতীয়ার্ধ শুরুর ছয় মিনিটের মধ্যেই পোলিশ স্ট্রাইকার তার রেকর্ড গড়া শুরু করেন। উল্ফসবার্গের রক্ষণভাগের পক্ষে তার এই গোল রক্ষা করার কোন সাধ্য ছিল না।

নয় মিনিটের পাঁচ গোলের রেকর্ডের পাশাপাশি সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক করারও নতুন রেকর্ড গড়েছেন ২৭ বছর বয়সী এই তারকা। প্রথম তিনটি গোল করতে তিনি সময় নিয়েছেন মাত্র তিন মিনিট ১৯ সেকেন্ড।

এছাড়া পাঁচ মিনিট ৪২ সেকেন্ডে করা চতুর্থ গোলটিও বুন্দেসলিগার নতুন রেকর্ড। আর পঞ্চম গোলটি করেছেন নয় মিনিটের মধ্যে।

১৯৯১ সালের আগস্টে কার্লশ্রুয়ের বিপক্ষে ডুইসবার্গের ৬-২ গোলে জয়ের ম্যাচটিতে মাইকেল টোয়েনিস পাঁচ গোল করেছিলেন। তারপর বুন্দেসলিগায় এটাই প্রথম পাঁচ গোলের ঘটনা। তবে বদলি বেঞ্চ থেকে উঠে এসে পাঁচ গোল করা খেলোয়াড় লেবানদোস্কিই প্রথম।

এতসব রেকর্ডের মধ্যে অবশ্য একটি ব্যক্তিগত রেকর্ড থেকে বঞ্চিত হয়েছেন লিওয়ানোদোস্কি। ১৯৭৭ সালে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে কোলন ৭-২ গোলে জয়ী হয়েছিল। সেই ম্যাচে ডিয়েটার মুলার একাই ছয় গোল করেছিলেন যা এখন পর্যন্ত এক ম্যাচে বুন্দেসলিগার কোন খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড।

জেডআই