বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আনাম ও আ জ ম নাসির উদ্দিন। মাহবুবুল আনাম ২১ ও আ জ ম নাসির উদ্দিন ১৭ ভোট পেয়েছেন।
এর আগেও ক্রিকেট বোর্ডের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল আনাম। তবে এবারই প্রথম সহসভাপতি হলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক হওয়া আ জ ম নাসির।

সহসভাপতি পদে নির্বাচন করেন মাহবুবুল আনাম, আ জ ম নাসির ও নজিব আহমেদ। নজীব আহমেদ পেয়েছেন ৮ ভোট।

গত বছরের ১০ অক্টোবর বোর্ডের দায়িত্ব নেয় বর্তমান কমিটি। প্রায় এক বছর পর সহসভাপতি নির্বাচিত হলেন বোর্ডের এই দুই পরিচালক। ২৩ পরিচালকের ভোটে নির্বাচিত হন মাহবুবুল আনাম ও আ জ ম নাসির। ৩ জন পরিচালক ভোট প্রদান থেকে বিরত থাকেন।

মঙ্গলবার বিকালে বোর্ড সভা শেষে পরিচালকদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিসিবির সহসভাপতি পদে নির্বাচনের প্রথম অবস্থায় মোট ৫ জনের নাম শোনা গিয়েছিল। কিন্তু নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান তিন বোর্ড পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজ ও আফজালুর রহমান সিনহা।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই